শেষ আপডেট: 10 December 2019 13:42
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোনের কেঁদে ফেলার ভিডিও। নেটিজেনরা বলছেন, "অভিনেত্রীর আবেগ দেখেই বোঝাই যাচ্ছে নতুন ছবি ছপক তাঁর হৃদয়ের খুব কাছের। শুধু অভিনয় করতে হয় বলেই এই ছবিতে কাজ করেননি দীপিকা। বরং ছবির প্রতিটা মুহূর্ত মিশে গিয়েছে তাঁর আত্মার সঙ্গে। নইলে এভাবে কেউ আবেগতাড়িত হয়ে প্রকাশ্যে কেঁদে ফেলতে পারেন না।" মেঘনা গুলজারের ছবি 'ছপক'-এ অ্যাসিড অ্যাটাক সারভাইভার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। পর্দায় তাঁর চরিত্রের নাম মালতী। পরিচালকের কথায়, “মালতী আশার প্রতীক, উৎসাহের প্রতীক।“
https://www.instagram.com/p/B54i9a3gQAT/
https://youtu.be/kXVf-KLyybk
ইতিমধ্যেই ট্রেলর দেখে মুগ্ধ দর্শক মহল। পেলব মেকআপ, আলোর ঝলকানি নয় বরং অ্যাসিডে ঝলসে যাওয়া কুঁচকানো চামড়া, তামাটে রঙয়েই বাজিমাত করেছেন দীপিকা। এক্সপ্রেশন থেকে অভিনয়, একজন অ্যাসিড আক্রান্ত জীবনে প্রতিনিয়ত ঠিক কী কী ঘটনার সম্মুখীন হন, সেইসবই নিখুঁত ভাবে পর্দায় তুলে ধরেছেন অভিনেত্রী। অ্যাসিড আক্রান্ত হওয়ার পরমুহূর্তে জ্বালাপোড়ায় আর্তনাদ, আইনি লড়াই লড়তে চাওয়ার অদম্য ইচ্ছে, আত্মবিশ্বাস ভর করে ন্যায় পাওয়া, সবশেষে জয়ের হাসি হাসা----ট্রেলরে প্রতিটি মুহূর্তেই দীপিকা একদম পারফেক্ট। নেটিজেনরা বলছেন, চরিত্রের জন্য দীপিকাকে বেছেই সঠিক নির্বাচন করেছেন মেঘনা গুলজার।