তেরো বছরের অপেক্ষা শেষে যেন এক আবেগের বিস্ফোরণ। মুম্বইয়ের রাতটা বুধবার হঠাৎই আলোকিত হয়ে ওঠে স্প্যানিশ পপ সেনসেশন এনরিকে ইগলেসিয়াসের গানে।

এনরিকে ইগলেসিয়াস।
শেষ আপডেট: 31 October 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: তেরো বছরের অপেক্ষা শেষে যেন এক আবেগের বিস্ফোরণ। মুম্বইয়ের রাতটা বুধবার হঠাৎই আলোকিত হয়ে ওঠে স্প্যানিশ পপ সেনসেশন এনরিকে ইগলেসিয়াসের গানে। মসৃণ কণ্ঠ, হৃদয় কাঁপানো সুর—মঞ্চে ফিরেই যেন পুরোনো প্রেমের গল্প আবার শুরু করলেন এনরিকে। ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো—যেন এতদিনের অপেক্ষা এক রাতে গলে গেল সুরের উষ্ণতায়।
কনসার্ট চলাকালীন এক হৃদয়ছোঁয়া মুহূর্ত ভাইরাল হয়ে ছড়িয়েও পড়ল সোশ্যাল মিডিয়ায়। গান থামিয়ে এনরিকে নেমে এলেন মঞ্চের নিচে, সামনের সারির দর্শকদের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ এক তরুণীকে আলতো কাছে টেনে নিলেন, আর তাঁর গালে রেখে দিলেন এক মিষ্টি চুমু। মুহূর্তেই উচ্ছ্বাসে ভেসে গেল ভক্তর চোখ, আনন্দাশ্রুতে ভিজে উঠল মুখ, আর এনরিকে এক হাসিতে ফিরে গেলেন মঞ্চে।
সেই সেকেন্ড কয়েকেের ম্যাজিক যেন আবার ফিরিয়ে আনল ২০১২ সালের পুরোনো স্মৃতি—যখন পুনেতে এক মহিলা ফ্যানকে মঞ্চেই ঠোঁটে চুমু দিয়েছিলেন গায়ক। সেই ভিডিও আবারও ভাইরালও হল। ২০১২ সালের সেই পুনে কনসার্টে যখন ‘হিরো’ গায়ক এক তরুণীকে মঞ্চে ডেকে মাইক্রোফোন তুলে দিয়েছিলেন। গাইতে গাইতে আচমকাই তাঁকে ঠোঁটে চুমু দেন এনরিকে—এক মুহূর্তে যা শিরোনামে উঠে এসেছিল, এবং অনেকের কাছেই তা ছিল বিস্ময়কর, কেউবা অসমীচীন। তবে মুম্বইয়ের রাতটা ছিল অন্যরকম—আরও সংযত। সেখানে ছিল শুধুমাত্র ভালোবাসার এক উষ্ণ স্পর্শ।
মঞ্চের আলোয় শুধু সুর নয়, ঝলমল করছিল তারকাদের উপস্থিতিও। বলিউড থেকে টেলিভিশন—সবাই যেন ছুটে এসেছিলেন এনরিকের জাদুতে ভাসতে। উপস্থিত ছিলেন বিদ্যা বালন, মালাইকা অরোরা, রাকুল প্রীত সিং, জ্যাকি ভগ্নানি, রুবিনা দিলাইক, অভিনব শুক্লা—আরও অনেকেই। গানের তালে তালে শহরের রাত যেন উৎসবে মেতে উঠেছিল।
ভারতে ফেরার আগে নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছিলেন এনরিকে। এক প্রেস নোটে লিখেছিলেন, “আমি সত্যিই মিস করেছি ভারতের মঞ্চ। এখানকার ভক্তরা পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎসাহী। ২০০৪ সালের প্রথম শো থেকেই এদের আমার প্রতি ভালবাসা অবিশ্বাস্য। মুম্বইয়ে আবার ফিরতে মুখিয়ে আছি, এবার নতুন শো নিয়ে।”
তাঁর সেই প্রতিশ্রুতি রাখলেনও বটে। বৃহস্পতিবার, অর্থাৎ ৩০ অক্টোবর আবার একবার মুম্বাইয়ের মঞ্চ কাঁপাতে আসলেন এনরিকে। তেরো বছর পরও মঞ্চে সেই একই ঝলক, সেই একই হৃদয়গ্রাহী হাসি, সেই অপরিবর্তিত উষ্ণতা।