রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে জরুরি বৈঠক করল আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটি। উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকারও। ঘটনার পূর্ণ তদন্ত ও ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার
শেষ আপডেট: 1 April 2026 12:09
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে মঙ্গলবার সন্ধেয় জরুরি বৈঠক হল। আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটি সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, প্রিয়াঙ্কা সরকারও সেখানে গিয়েছিলেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার বিচার চেয়ে আর ঘটনার পূর্ণ তদন্তের দাবিতে এই বৈঠক ডাকা হয়েছিল।ক্ষতিপূরণের দাবি নিয়েও সেখানে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এখানেই শেষ নয়, পাশাপাশি এও শোনা যায়, বুধবার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করতে পারেন প্রিয়াঙ্কা সরকার।
ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, অতিরিক্ত বালি ও জল ফুসফুসে ঢুকে পড়ায় ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। তবে সেদিন ঠিক কী ঘটেছিল, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না এখনও। এক একজন এক একরকম বক্তব্য দিচ্ছেন, আর তাতেই বাড়ছে বিভ্রান্তি। এই পরিস্থিতিতে মুখ খুললেন রেশমি সেন (Reshmi Sen) ও কৌশিক সেন (Kaushik Sen)।
রাহুলের মৃত্যুর পর তাঁর বাড়িতে যান ঋদ্ধি, কৌশিক ও রেশমি সেন। সেখান থেকে ফিরে একটি ভিডিও পোস্ট করেন ঋদ্ধি। সেই ভিডিওতে কৌশিক ও রেশমি সেনকে একসঙ্গে বলতে শোনা যায়, সকালে তাঁরা রাহুলের বাড়িতে গিয়ে তাঁর মা, প্রিয়াঙ্কা ও সহজের সঙ্গে দেখা করেছেন। পরিবারের অন্য সদস্যরাও সেখানে ছিলেন, রাহুলের দাদাও ফিরছেন বলে জানা গেছে। সকলের সঙ্গে কথা বলে তাঁরা বুঝতে পেরেছেন, কী ভয়াবহ শোকের মধ্যে দিয়ে যাচ্ছে পরিবারটি। তাঁদের কথায়, এমন একটি বাড়ি থেকে ফিরে আসার পর মনের অবস্থা ভাষায় প্রকাশ করা কঠিন। সময়ের সঙ্গে সবাই কাজে ফিরে যাবে, কিন্তু বাড়িটা যখন ফাঁকা হয়ে যাবে, তখন পরিবার কীভাবে এই শোক সামলাবে—সেই প্রশ্নই বড় হয়ে উঠছে।