বেআইনি অনলাইন বেটিং অ্যাপের প্রচার ঘিরে চাপে দক্ষিণী সিনেমা জগৎ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নজরে এসেছেন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, লক্ষ্মী মাঞ্চু-সহ দক্ষিণী সিনেমার ২৯ জন অভিনেতা ও অনলাইন প্রভাবশালী।

বেটিং অ্যাপের প্রচার ঘিরে চাপে দক্ষিণী সিনেমা জগৎ
শেষ আপডেট: 21 July 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: বেআইনি অনলাইন বেটিং অ্যাপের প্রচার ঘিরে চাপে দক্ষিণী সিনেমা জগৎ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নজরে এসেছেন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, লক্ষ্মী মাঞ্চু-সহ দক্ষিণী সিনেমার ২৯ জন অভিনেতা ও অনলাইন প্রভাবশালী। সোমবার এই চার তারকাকে আইনি সমন পাঠিয়েছে ইডি। আলাদা আলাদাভাবে তাঁদের ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
সূত্র অনুযায়ী, রানা ডাগ্গুবতীকে ২৩ জুলাই, প্রকাশ রাজকে ৩০ জুলাই, বিজয় দেবেরাকোন্ডাকে ৬ অগস্ট এবং লক্ষ্মী মাঞ্চুকে ১৩ অগস্ট ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।
জানা গিয়েছে, ব্যবসায়ী ফণীন্দ্র শর্মার করা অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদে প্রথমে একটি FIR দায়ের হয়। অভিযোগ, বেআইনি বেটিং অ্যাপের প্রচারে তারকাদের ব্যবহার করে বিপুল অঙ্কের টাকা লেনদেন করা হয়েছে। মার্চ মাসে এই মামলার প্রাথমিক ধাপ শুরু হয়েছিল। এবার সেই মামলাতেই তদন্তের গতি বাড়িয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
EDর আধিকারিকরা সূত্র মারফত জানাচ্ছেন, ঠিক কত অর্থ তারকাদের অ্যাকাউন্টে গিয়েছে, সেই দিকটিই এখন খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও বেশ কয়েক জন ইউটিউবার ও ইনফ্লুয়েন্সারের নাম উঠে এসেছে। এই ২৯ জনের মধ্যে থেকে প্রথম পর্যায়ে কিছু বড় তারকাকে ডেকে পাঠানো হয়েছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই পদক্ষেপের পর দক্ষিণী বিনোদন মহলে দেখা দিয়েছে উদ্বেগের ছায়া। জনপ্রিয় মুখদের যুক্ত থাকার অভিযোগে প্রশ্ন উঠছে তারকাদের সামাজিক দায় ও ভূমিকা নিয়েও।