ডেবিউ ছবিতেই চমক দেখালেন আহান পান্ডে। মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’ মুক্তির পর তিন দিনেই দেশের বক্স অফিসে তুলেছে ৮৩ কোটি টাকা।

‘সাইয়ারা’
শেষ আপডেট: 21 July 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: ডেবিউ ছবিতেই চমক দেখালেন আহান পান্ডে। মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’ মুক্তির পর তিন দিনেই দেশের বক্স অফিসে তুলেছে ৮৩ কোটি টাকা। শুক্রবার ছবিটি আয় করে ২১ কোটি, শনিবার ২৫ কোটি এবং রবিবার ৩৭ কোটি টাকা। প্রথম সপ্তাহান্তেই ছবিটি ঝুলিতে ভরেছে একাধিক রেকর্ড।
আলিয়া, অনন্যা, রাজকুমারকেও পিছনে ফেলল আহান
মাত্র তিন দিনে ‘সাইয়ারা’-র মোট আয় ছাড়িয়ে গিয়েছে একাধিক প্রথম সারির তারকার ছবিকে। আলিয়া ভাটের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এবং অনন্যা পান্ডের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’—দুটি ছবির আজীবন আয় ছিল যথাক্রমে ৭০.৮৬ কোটি টাকা। সেই অঙ্কও ছাপিয়ে গেছে ‘সাইয়ারা’।
শুধু তাই নয়, জন আব্রাহামের ‘ডিপ্লোম্যাট’ (৩৮.৯৭ কোটি) এবং রাজকুমার রাওয়ের ‘ভুল চুক মাফ’ (৭৪.১৮ কোটি)-এর মতো সিনেমাও পড়ে রয়েছে পিছনে।
লক্ষ্য এখন ১০০ কোটির ক্লাব
চলতি সপ্তাহের শেষেই ‘সাইয়ারা’ প্রবেশ করতে পারে ১০০ কোটির ক্লাবে। যদি তা হয়, তবে আহান টপকে যাবেন জাহ্নবী কাপুরের প্রথম ছবি ‘ধড়ক’ (৯৫.১২ কোটি) এবং সানি দেওলের হিট ছবি ‘জাট’ (৮৮.২৬ কোটি)-কেও।
তার পরের লক্ষ্যে থাকছে ২০২৫ সালের এখনকার ব্লকবাস্টার ছবি ‘ছাবা’, ‘হাউজফুল ৫’ এবং ‘সিকান্দার’-এর মতো সিনেমা, যারা এরই মধ্যে বছরের সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।