অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে অংশ নেওয়ার অভিযোগে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকা, ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

২৯ তারকার বিরুদ্ধে তদন্তে ইডি
শেষ আপডেট: 10 July 2025 12:26
দ্য ওয়াল ব্যুরো: অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে অংশ নেওয়ার অভিযোগে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকা, ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মোট ২৯ জনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন রানা দগ্গুবতী, প্রকাশ রাজ, বিজয় দেবেরাকোন্ডা, লক্ষ্মী মঞ্চু-সহ আরও অনেকে।
ইডি সূত্রে জানা গিয়েছে, ওই ২৯ জন ব্যক্তি Junglee Rummy, JeetWin, Lotus365-এর মতো বেআইনি বেটিং অ্যাপের প্রচার করেছিলেন। এর বিনিময়ে তাঁরা মোটা অঙ্কের পারিশ্রমিক পান বলে অভিযোগ। এই অ্যাপগুলির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে বলে ইডির দাবি।
ইতিমধ্যেই মামলাটি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর আওতায় দায়ের হয়েছে।
যে ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে তাঁদের মধ্যে রয়েছেন—
১. রানা দগ্গুবতী
২. প্রকাশ রাজ
৩. বিজয় দেবেরাকোন্ডা
৪. লক্ষ্মী মঞ্চু
৫. প্রণিতা সুবাষ
৬. নিধি আগরওয়াল
এছাড়াও তালিকায় রয়েছেন শ্রীমুখী, সিরি হনুমন্ত, অনন্যা নাগল্লা, ভাসন্তী কৃষ্ণান, শোভা শেট্টি, আমৃতা চৌধুরী, নয়নী পবনী, পদ্মাবতী, ইমরান খান, নেহা পাঠান, পাণ্ডু, হর্ষা সাই, সানি যাদব, শ্যামলা, টেসটি তেজা, রীতু চৌধুরী, সুপ্রীতা বান্দারু প্রমুখ।
এছাড়াও তদন্তে রয়েছে কিছু ইউটিউব ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার:
১. Local Boy Nani ইউটিউব চ্যানেল
২. অজয়, সানি ও সুধীর নামে আরও তিন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
৩. প্ল্যাটফর্মের মূল অপারেটর কিরণ গৌড়
সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে অনেকেই দাবি করেছেন, তাঁরা অ্যাপগুলির প্রকৃত কার্যপ্রণালী জানতেন না। তাঁরা শুধুমাত্র বিজ্ঞাপন বা প্রমোশনের পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেছিলেন এবং কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত নন। ইডি তাঁদের মধ্যে কয়েকজনের জবানবন্দি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, যাঁরা এই অ্যাপের মাধ্যমে প্রতারিত হয়েছেন, তাঁদের খোঁজ করা হচ্ছে এবং আরও এফআইআর সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।