জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম ছিল টলিপাড়া। অভিযোগ উঠেছিল, শ্যুটিং সেটে জিতুর মাত্রাতিরিক্ত ইয়ার্কি দিতিপ্রিয়ার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শেষ আপডেট: 10 August 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম ছিল টলিপাড়া। অভিযোগ উঠেছিল, শ্যুটিং সেটে জিতুর মাত্রাতিরিক্ত ইয়ার্কি দিতিপ্রিয়ার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পরে জিতু তাঁদের ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। গুঞ্জন ছড়ায়—দু’জনই নাকি ধারাবাহিক ছেড়ে দিতে পারেন।
তবে শুক্রবার দু’জনের পক্ষ থেকেই জানানো হয়, সব ভুল বোঝাবুঝি মিটে গেছে। দিতিপ্রিয়া লেখেন, "প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।" সেই পোস্ট শেয়ার করে জীতু লেখেন, "আমার সহ-অভিনেত্রী ছোট, আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা। আমি সেরা, উফ আমরা সেরা।"
এই পোস্ট প্রকাশ্যে আসতেই এক নেটিজেন দাবি করেন—সবটাই নাকি আগে থেকে ঠিক করা, টিআরপি বাড়ানোর জন্য এমন নাটক। এবার সেই মন্তব্যের জবাব দিতে ছাড়লেন না জীতু।
‘সিধাই ফ্যান ক্লাব’ নামে একটি ফ্যান পেজে শেয়ার হওয়া কমেন্টে দেখা যায়, জিতু লিখেছেন—"টিআরপি কম ছিল? আর আমার বাবা-মা কী পেলেন এই তিন দিন ধরে? একবার ভাবুন, নিজেকে আমার জায়গায় বসিয়ে। আশাকরি উপলব্ধি করতে পারবেন। আপনার বাড়িতেও পুরুষমানুষ আছে। এটা যদি প্রচারের অংশ হয়, তাহলে যেন আমার শিব আমার থেকে সব কেড়ে নেন। আপনি যেন কোনওদিন এই পরিস্থিতিতে না পড়েন। এই ইন্ডাস্ট্রিতেই আছেন তো।"
জীতুর দাবি, যা হয়েছে তা একেবারেই নাটকীয় নয়। একেবারেই স্ক্রিপ্টেড নয়। টিআরপি বাড়ানোর প্রয়াসও নয়। যা হয়েছে তা একেবারেই অনভিপ্রেত নয়। তবে মিটে গিয়েছে সবটা, এটাই স্বস্তির।