আরিয়ান খানের পরিচালনায় সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ চমকে দিয়েছিলেন শাহরুখ। এবার #AskSRK সেশনে ছেলের পরিচালনা নিয়ে মজার মন্তব্যে মাতালেন কিং খান।
.png.webp)
শাহরুখ খান
শেষ আপডেট: 31 October 2025 18:56
দ্য ওয়াল ব্যুরো: ছেলের বলিউড অভিষেকের মুহূর্তে যেন আরও একবার রাজা হয়ে উঠেছিলেন শাহরুখ খান। ভাঙা হাত নিয়ে মঞ্চে উঠে গর্বভরে বলেছিলেন, “আমি ভাগ্যবান যে, এই পবিত্র দেশের, মুম্বইয়ের এই মাটিতে গত ৩০ বছর ধরে আপনাদের খুশি করার সুযোগ পেয়েছি। আজকের দিনটা আমার জীবনের বড় আনন্দের। কারণ, আজ আমার ছেলেও এই পুণ্যভূমিতে প্রথম পদ রাখছে। ও খুব ভাল আর পরিশ্রমী ছেলে। তাই ওর কাজ যদি আপনাদের ভাল লাগে, তবে করতালিতে তাকে আশীর্বাদ করবেন। প্রার্থনা করবেন, যেমনটা এতদিন আমার জন্য করেছেন। তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন।”
সেই আশীর্বাদই যেন বাস্তবের রূপ পেতে শুরু করেছে। আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ মিনিটখানেকের উপস্থিতিতেই চমকে দিয়েছিলেন শাহরুখ। প্রথমবার পিতা-পুত্রের এই সিনেদুনিয়া ভাগ করে নেওয়া দৃশ্য দেখে মুগ্ধ দর্শকরা। এরপর থেকেই ভক্তদের নতুন দাবি “মুফাসা” আর “সিম্বা”-কে এবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে না?
‘ব্যাডস অফ বলিউড’-এর পর থেকেই সেই সম্ভাবনা ঘিরে উত্তেজনা তুঙ্গে। অনুরাগীদের জিজ্ঞাসা, আরিয়ানের পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের ছবিতে কবে দেখা যাবে শাহরুখকে? বৃহস্পতিবার অনুরাগীদের সঙ্গে #AskSRK সেশনে ঠিক এই প্রশ্নের মুখোমুখি হতে হয় কিং খানকে। তাঁর স্বভাবসুলভ রসবোধে জবাবও এল বেশ মজার ঢঙে। “আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর?”— হাসতে হাসতে প্রশ্ন ছুড়লেন শাহরুখ, “আর আমার ঘ্যানঘ্যানানি কতটা সহ্য হবে ওর?”
কিং খানের এমন রসিক জবাবে হাসিতে ফেটে পড়েছে নেটদুনিয়া। কেউ মজা করে বলেছেন, “বাবা ছেলের রসায়ন পর্দার বাইরেও অমলিন।” আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “শাহরুখ কি তবে আরিয়ানের পরিচালনা নিয়ে খানিক সন্দিহান?”
তবে সন্দেহ যা-ই হোক, ‘ব্যাডস অফ বলিউড’ প্রচারের দিন মুম্বইয়ের যে দৃশ্য দেখা গিয়েছিল, সেখানে এক গর্বিত বাবা আর এক আত্মবিশ্বাসী পুত্রের উপস্থিতি যেন বলিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করে দিয়েছে।