পরিচালক অমর কৌশিকের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘থামা’-য় গান গেয়েছেন সৌম্যদীপ। গানটি হল ‘রহে না রহে হাম। ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, পরেশ রাওয়াল ও নওয়াজউদ্দিন সিদ্দিকী।

শেষ আপডেট: 31 October 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: পরিশ্রম আর ধৈর্যের ফল একদিন না একদিন মিলবেই। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের তরুণ গায়ক সৌম্যদীপ সরকারের জীবন যেন তারই প্রমাণ। নিজের ছোট শহর থেকে শুরু করে একেবারে মুম্বইয়ের বলিউডে পৌঁছে গেছেন তিনি— আর সেই সঙ্গেই এখন দেশজুড়ে বাজছে তাঁর কণ্ঠে গাওয়া গান!
পরিচালক অমর কৌশিকের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘থামা’-য় গান গেয়েছেন সৌম্যদীপ। গানটি হল ‘রহে না রহে হাম। ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, পরেশ রাওয়াল ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। অমিতাভ ভট্টাচার্যের লেখা ও শচীন-জিগার-এর সুরে গানটি ইতিমধ্যেই ট্রেন্ডিংয়ে।
দ্য ওয়ালকে সৌম্যদীপ বলেন, “বলিউডে নিজের গান শোনাতে পারা আমার কাছে স্বপ্নপূরণ। শচীন-জিগার স্যারের কাছ থেকে সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। নিয়মিত রেওয়াজ করছি, পরিশ্রম আর সবার ভালবাসাই আমার এগিয়ে যাওয়ার শক্তি।”
২০২৪ সালে একটি রিয়েলিটি শোয়ের দ্বিতীয় ধাপে বাদ পড়লেও সেটাই সৌম্যদীপের জীবনের টার্নিং পয়েন্ট। বাড়ি ফেরার কিছুদিন পরেই শোয়ের বিচারক শচীন-জিগার তাঁকে ফোনে ডেকে পাঠান মুম্বইয়ে। আর তারপরই ‘থামা’ ছবির গান রেকর্ডিংয়ের সুযোগ।
বালুরঘাটের ছেলে সাফল্যে গর্বিত গোটা দক্ষিণ দিনাজপুর। স্থানীয় মানুষ বলছেন, সৌম্যদীপের মতো প্রতিভারাই প্রমাণ করে— ছোট শহর থেকেও স্বপ্নের মঞ্চে পৌঁছনো যায়, যদি সাহস আর বিশ্বাস থাকে নিজের কণ্ঠে।