দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দহিয়া ১০ বছর পর প্রথম সন্তানের অপেক্ষায়।

দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দহিয়া
শেষ আপডেট: 19 March 2026 15:20
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সুখবর জানালেন দিব্যাঙ্কা ত্রিপাঠি (Divyanka Tripathi)। অভিনেত্রী জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী বিবেক দহিয়া (Vivek Dahiya) তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। প্রায় ছয় মাস ধরে এই সুখবর গোপন রেখেছিলেন তাঁরা। ইনস্টাগ্রামে এই ঘোষণা করে দম্পতি লেখেন, “১০ বছর পর গল্পের নতুন মোড়। কিছু যাত্রা তাড়াহুড়ো করে নয়, বরং একসঙ্গে প্রস্তুত হওয়ার জন্য।”
সম্প্রতি ভিকি লালওয়ানির সঙ্গে কথোপকথনে দিব্যাঙ্কা জানান, জুনের মাঝামাঝি সময়েই তাঁদের সন্তান জন্মাবে। তিনি বলেন, “আমরা এই সময়টাই বেছে নিয়েছিলাম। চেষ্টা করেছি এবং তা সফল হয়েছে। আমরা সত্যিই ভাগ্যবান।” এই খবরে দুই পরিবারের সদস্যরাই অত্যন্ত উচ্ছ্বসিত বলে জানান অভিনেত্রী।
গর্ভাবস্থার খবর এতদিন গোপন রাখার কারণও জানিয়েছেন দিব্যাঙ্কা। তাঁর কথায়, গত কয়েক মাসে তিনি খুব কম বাইরে বেরিয়েছেন বলেই বিষয়টি আড়ালে রাখা সম্ভব হয়েছে। মুম্বইতেই সন্তানের জন্ম হবে বলে জানিয়েছেন তিনি। যদিও সন্তানের নাম এখনও ঠিক হয়নি, তবে ছেলে না মেয়ে—তা নিয়ে পরিবারে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে দম্পতির কোনও নির্দিষ্ট পছন্দ নেই বলেই জানিয়েছেন দিব্যাঙ্কা।
উল্লেখ্য, ইয়ে হ্যায় মহাব্বতেঁ-এর সেটে আলাপের পর ২০১৬ সালের ৮ জুলাই ভোপালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিব্যাঙ্কা ও বিবেক। সেই বিয়েতে টেলিভিশন জগতের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। প্রসবের সময় ঘনিয়ে আসায় একটি ছোট সাধের অনুষ্ঠানের পরিকল্পনাও করছেন তাঁরা।
কাজের ক্ষেত্রে, দিব্যাঙ্কা ত্রিপাঠি ২০০৪ সালে ইন্ডিয়াজ বেস্ট সিনেস্টার কি খোঁজ-এ অংশগ্রহণের মাধ্যমে কেরিয়ার শুরু করেন। এরপর ২০০৬ সালে বানু ম্যায় তেরি দুলহন ধারাবাহিকে ‘বিদ্যা’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান।
এছাড়াও তিনি একাধিক রিয়েলিটি শো-তে অংশ নিয়েছেন, যেমন— খানা খাজানা, নাচলে ভে উইথ সরোজ খান, জোর কা ঝটকা টোটাল ওয়াইপআউট, কমেডি সার্কাস, নাচ বলিয়ে ৮ এবং ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি ১১—যেখানে তিনি বিজয়ীও হন।
সম্প্রতি তাঁকে অদৃশ্যম সিরিজে ইন্সপেক্টর পার্বতী সেহগালের ভূমিকায় দেখা গিয়েছে। সেখানে তাঁর সঙ্গে রবি ভার্মার চরিত্রে অভিনয় করেছেন এজাজ খান। সিরিজটি SonyLIV-এ স্ট্রিমিং হচ্ছে।