গত দু'দিন ধরে আর্টিস্ট ফোরামের সঙ্গে মিটিংয়ের পর এ দিনই দিতিপ্রিয়া অফিসিয়ালি জানিয়ে দেন এই ধারাবাহিকে আর কাজ করতে চান না তিনি।
_1.png.webp)
শেষ আপডেট: 24 November 2025 14:08
দ্য ওয়াল ব্যুরো: বিগত এক সপ্তাহ ধরে চলা যাবতীয় জল্পনা-আলোচনা-গুঞ্জনের অবশেষে যবনিকা পত্তন। জীতু কামালের 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক ছাড়ার কথা রটলেও সপ্তাহের শুরুতেই অন্য ব্রেকিং। জীতু থাকছেন, যিনি থাকছেন না তিনি হলেন ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায়।
গত দু'দিন ধরে আর্টিস্ট ফোরামের সঙ্গে মিটিংয়ের পর এ দিনই দিতিপ্রিয়া অফিসিয়ালি জানিয়ে দেন এই ধারাবাহিকে আর কাজ করতে চান না তিনি। কারণ হিসেবে তিনি জানান, শারীরিক ও মানসিক অপরাগতার কারণেই এই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নিতে চান তিনি। দিতিপ্রিয়া নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ কী করেন এখন সেটাই দেখার।
এ দিন আর্টিস্ট ফোরামের তরফে যে প্রেস রিলিজ প্রকাশিত হয়েছে তাতে জানান হয়েছে, গত ২২ তারিখ ফোরাম অফিসে একটি মিটিং হট, যে মিটিংয়ে উপস্থিত ছিলেন, জি বাংলার প্রতিনিধিরা, প্রযোজনা সংস্থা এসভিএফের প্রতিনিধিরা, দিতিপ্রিয়া রায়, জীতু কামাল ও ফোরামের কার্যকরী সমিতির সদস্যরা। সেখানেই দিতিপ্রিয়া জানান, এই ধারাবাহিকে তিনি আর কাজ করতে চান না। হিসেব মতো এ ক্ষেত্রে অভিনেতাকে দু'মাসের নোটিস দিতে হয়। কিন্তু দিতিপ্রিয়া ফোরাম কর্তৃপক্ষকে অনুরোধ করে তাঁর মানসিক ও শারীরিক অপারগতার দিকটি বিবেচনা করে যেন তাঁর নোটিস পিরিয়ড খানিক কম করা হয়। সব দিক বিবেচনা কতে এই মুহূর্তে দিতিপ্রিয়ার নোটিস পিরিয়ড কমিয়ে ১৫ দিন করা হয়েছে। এ দিন সকালে ১২ টা নাগাদ দিতিপ্রিয়া ফোরামকে লিখিতভাবে জানিয়েছেন এই ধারাবাহিকের সঙ্গে তিনি নিজেকে আর যুক্ত রাখতে চান না।
দিতিপ্রিয়া নিজের সিদ্ধান্ত জানিয়েছেন, ধারাবাহিকটি চালিয়ে নিয়ে যাওয়া বা না নিয়ে যাওয়ার পুরোটাই যদিও নির্ভর করছে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষের উপর।
সূত্র জানাচ্ছে, মিটিংয়ে দিতিপ্রিয়া জানান যে ভাবে সামাজিক মাধ্যমে জীতুর ভক্তরা তাঁকে ট্রোল করছেন, তাতে তিনি মানসিক ভাবে বিধ্বস্ত। এও জানা যাচ্ছে , এই সমস্যা কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনাতেও রাজি ছিলেন জীতু। কিন্তু না, শেষরক্ষা হয়নি। তিক্ততা এতটাই গভীর যে এই ধারাবাহিকের সঙ্গে নিজেকে আর যুক্ত রাখতে চান না দিতিপ্রিয়া। অন্যদিকে জীতুর সঙ্গে সেটের টেকনিশিয়ানদের সম্পর্ক গভীর। একটি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া মানে বহু মানুষের 'চাকরি' চলে যাওয়া। শোনা যাচ্ছে, জীতু তা চান না। তাই ধারাবাহিক থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার কথা আগে ভাবলেও এখন তিনি তা চান না।