‘চিরদিনই তুমি যে আমার’—গত কয়েক মাস ধরে যেন এই ধারাবাহিকের নামই হয়ে উঠেছে বিতর্কের আরেক প্রতিশব্দ।

শেষ আপডেট: 29 November 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: ‘চিরদিনই তুমি যে আমার’—গত কয়েক মাস ধরে যেন এই ধারাবাহিকের নামই হয়ে উঠেছে বিতর্কের আরেক প্রতিশব্দ। পর্দার জনপ্রিয় জুটি জীতু কমল (jeetu kamal) ও দিতিপ্রিয়ার মধ্যে চলতে থাকা তিক্ততা, টানাপড়েন, প্রকাশ্যে আসা অভিযোগ–সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বারবার সামনে এসেছে অনভিপ্রেত ছবি। চর্চা থামেনি, বরং ক্রমেই বেড়েছে।
এর মধ্যেই দিতিপ্রিয়ার হঠাৎ বিদায় আরও উত্তেজনা বাড়িয়ে দেয়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি জানান, ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন। ইতিমধ্যেই নতুন মুখকে অপর্ণার চরিত্রে বেছে নেওয়া হয়েছে। যদিও বহু দর্শক স্পষ্ট জানিয়েছেন—দিতিপ্রিয়া ছাড়া অপর্ণা চরিত্রে অন্য কাউকে ভাবাই যায় না। তবুও সিরিয়াল এগোচ্ছে নতুন অধ্যায়ের পথে, নতুন সূচনার ইঙ্গিতে।
কিন্তু ঠিক এমন সময়েই পাল্টে যায় সমীকরণ। ২৯ নভেম্বর ভোরে ফেসবুকে এক ভিডিও বার্তায় জীতু জানিয়ে দিলেন এমন এক সিদ্ধান্ত, যা মুহূর্তে হতবাক করেছে তাঁর অনুগামীদের। আবেগঘন কণ্ঠে অভিনেতা বলেন, ‘আপনারা—যারা আমার দর্শক, আমার ভক্ত, যাদের জন্য আমি নায়ক হতে পেরেছি—তাদের না জানিয়ে আমি কোনও বড় সিদ্ধান্ত নিই না। তাই আজ যেটা জানাতে চলেছি, সেটাও আপনাদের জানিয়ে তবেই করছি। আগামী দিনে আর কোনও টিভি সিরিয়ালে আমি অভিনয় করব না।’
এরপরই তিনি স্পষ্ট করে দেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, “চিরদিনই তুমি যে আমার” ধারাবাহিকেই আমার শেষ সিরিয়াল অভিনয়। অন্য মাধ্যমে কাজ করলেও ধারাবাহিকে আর আমাকে দেখা যাবে না। যারা আমার পাশে রয়েছেন, আর যারা আমার বিরুদ্ধে গিয়েছেন, সকলকেই এই কথাটা জানিয়ে রাখছি।’
স্বাভাবিকভাবেই জীতুর এই ঘোষণায় শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মনে। অনেকেরই ধারণা, গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকের চারপাশে তৈরি হওয়া অস্বস্তিকর পরিস্থিতিরই পরিণতি এই কঠোর সিদ্ধান্ত। যদিও অনেকে মনে করছেন, জীতু হয়তো আগেই সিরিয়াল ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন; কিন্তু দর্শকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতির কারণেই তিনি মাঝপথে ছাড়েননি।
সিরিয়ালের ভবিষ্যৎ এখন কোন পথে এগোবে, আর এই সিদ্ধান্ত কি সত্যিই অভিনেতার চূড়ান্ত পথ বদলের সংকেত—দর্শক মহলে উঠছে স্বাভাবিকভাবেই একটাই প্রশ্ন: এ কি তবে টেলিভিশন পর্দা থেকে জীতুর শেষ বিদায়?