অক্ষয়-প্রিয়াঙ্কা গুঞ্জনের জেরে বন্ধ শুটিং, বাড়ি ছাড়েন টুইঙ্কল! বিস্ফোরক সুনীল দর্শনের সাক্ষাৎকার।

প্রিয়াঙ্কা-অক্ষয়
শেষ আপডেট: 6 August 2025 19:56
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় পরিচালক সুনীল দর্শন ফের মুখ খুললেন অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার বহু চর্চিত সম্পর্ক নিয়ে। জানালেন, ঠিক এই গুজব ঘিরেই ভেঙে গিয়েছিল তাঁর এবং অক্ষয়ের দীর্ঘদিনের পেশাদার সম্পর্ক। যে জুটি এক সময় পর্দায় ঝড় তুলেছিল, তাঁদের ব্যক্তিগত ইকোয়েশন বলিউডের গুঞ্জনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল বহুদিন। আর সেই গুঞ্জনের ফলেই বন্ধ হয়ে যায় একটি আস্ত ছবির শুটিং।
সুনীল দর্শনের কথায়, টানা সাতটি ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই সব কিছু থমকে যায়। প্রিয়াঙ্কার সঙ্গে অক্ষয়ের সম্পর্ক ঘিরে চলা গুঞ্জন, আর তা নিয়ে অক্ষয়ের পারিবারিক অশান্তি, তাঁদের সম্পর্কের মধ্যে দেওয়াল তুলে দেয় বলে দাবি পরিচালকের।
সাক্ষাৎকারে সুনীল জানান, 'বরসাত' ছবির জন্য অক্ষয় ও প্রিয়াঙ্কাকে কাস্ট করেছিলেন। একটি গানের শুটিংও সেরে ফেলেন। কিন্তু আচমকাই অক্ষয় তাঁকে বলেন, তিনি কেবলমাত্র এক অভিনেতাকে নিয়ে ছবিটি শেষ করতে চান। পরিচালক বলেন, “বিবাহিত এক অভিনেতার একটু বেশি দায়িত্বশীল হওয়া উচিত। ভুল যে হয় না, তা নয়। কিন্তু সেই ভুলের খেসারত দিতে হয় প্রযোজককেই।”
এখানেই থেমে থাকেননি সুনীল দর্শন। একটি পুরনো সাক্ষাৎকারে তাঁর দাবি, প্রিয়াঙ্কা-অক্ষয়ের সম্পর্কের জল্পনার জেরে টুইঙ্কল খান্না নাকি একবার বাড়িও ছেড়ে চলে গিয়েছিলেন। যদিও প্রিয়াঙ্কাকে দোষারোপ করতে চান না তিনি, বরং বলেন, “প্রিয়াঙ্কা যা করছিলেন, নিজের ভবিষ্যতের কথা ভেবেই করছিলেন।”
সুনীল দর্শনের আক্ষেপ, ১৮ মাস অপেক্ষা করানোর পর হঠাৎ করেই অক্ষয় জানিয়ে দেন তিনি আর ওই ছবিতে কাজ করতে চান না। পরে অক্ষয় যদিও অন্য ছবিতে কাজ করার প্রতিশ্রুতি দেন, তবু নির্মাতার আস্থা আর ফেরেনি। সেই ক্ষত আজও রয়ে গিয়েছে তাঁর কণ্ঠে।
‘আন্দাজ’, ‘আইতরাজ’, ‘ওয়াক্ত: দ্য রেস অ্যাগেইনস্ট টাইম’—প্রিয়াঙ্কা-অক্ষয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছিল। আজ প্রিয়াঙ্কা চোপড়া বলিউড ছেড়ে আন্তর্জাতিক তারকা হয়ে উঠেছেন। কিন্তু সেই পুরনো গল্প এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে।