জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মধুর ভান্ডারকর আবার ফিরেছেন তাঁর চিরচেনা ঘরানায়। ‘চকচকে’ গ্ল্যামার জগতের পিছনের বাস্তব ছবি আঁকার জন্য খ্যাত এই নির্মাতা এবার হাত দিয়েছেন এক নতুন বিষয়ে।

মধুর ভান্ডারকর আবার ফিরেছেন তাঁর চিরচেনা ঘরানায়
শেষ আপডেট: 8 July 2025 17:49
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মধুর ভান্ডারকর আবার ফিরেছেন তাঁর চিরচেনা ঘরানায়। ‘চকচকে’ গ্ল্যামার জগতের পিছনের বাস্তব ছবি আঁকার জন্য খ্যাত এই নির্মাতা এবার হাত দিয়েছেন এক নতুন বিষয়ে। তাঁর নতুন সিনেমা ‘দ্য ওয়াইভস’ (The Wives) তুলে ধরবে বলিউড তারকাদের ‘স্ত্রীদের’ জগৎ—যেখানে রাজত্ব করে গসিপ, স্ক্যান্ডাল আর বিলাসিতা!
এই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে আজ অর্থাৎ ৮ জুলাই, থেকেই। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এক্স (পূর্বতন টুইটার)-এ এই খবর শেয়ার করে লিখেছেন, “দ্য ওয়াইভস— বলিউড তারকাদের স্ত্রীদের সেই গোপন জগৎ উন্মোচন করবে, যেখানে রয়েছে স্ক্যান্ডাল, গসিপ আর চোখধাঁধানো বিলাসিতা—যা খুব কম মানুষই কাছ থেকে দেখেছেন।”
ছবির পোস্টারের সঙ্গে প্রকাশিত হয়েছে মূল অভিনেতাদের তালিকাও। রয়েছেন সোনালী কুলকার্নি, মৌনি রায়, রেজিনা ক্যাসান্দ্রা, রাহুল ভাট, সৌরভ সচদেব, অর্জন বাজওয়া ও ফ্রেডি দারুওয়ালা।
পরিচালক নিজেই জানিয়েছেন, “আমার দর্শক জানেন আমি কোনও বিষয় ধরলে সেখানে একটা ‘এক্সপোজ’ থাকবেই।” ‘দ্য ওয়াইভস’-এর ক্ষেত্রেও সেই চেনা ছন্দে হেঁটেছেন ভাণ্ডারকর। তাঁর মতে, বাইরের চাকচিক্যের আড়ালে এই তারকা ঘরনাগুলির ভিতরে রয়েছে টানাপোড়েন, নিঃসঙ্গতা আর কখনও কখনও সম্পর্কের জটিলতা। “কে জানে কোন স্ত্রীর মনে কী চলছে? কীভাবে সামলাচ্ছেন তাঁরা স্বামীর সাফল্য বা স্ক্যান্ডালের চাপ? আমার ছবিটা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবেই।”
SCANDAL - GOSSIP - HIDDEN TRUTHS... MADHUR BHANDARKAR BEGINS SHOOT OF HIS NEXT FILM ON BOLLYWOOD WIVES – 'THE WIVES'... #NationalAward winner and #PadmaShri awardee #MadhurBhandarkar has commenced shooting for his next directorial venture, titled #TheWives.#TheWives delves into… pic.twitter.com/hHESCKHLFo
— taran adarsh (@taran_adarsh) July 8, 2025
চিত্রনাট্য আগেই ছিল তাঁর হাতে, কিন্তু সাম্প্রতিক অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পরিবর্তন করেছেন পরিচালক।
মধুর ভাণ্ডারকরের শেষ ছবি ‘ইন্ডিয়া লকডাউন’ মুক্তি পেয়েছিল ওটিটি-তে এবং কোভিড পরিস্থিতির বাস্তব রূপ তুলে ধরার জন্য প্রশংসাও পেয়েছিল। এবার বড় পর্দায় ফিরছেন তিনি, আর ইন্ডাস্ট্রি ইতিমধ্যেই বাজি ধরছে—‘দ্য ওয়াইভস’ হতে চলেছে আরেকটা ‘পেজ ৩’ ঘরানার মাইলফলক।
‘হিরোইন’, ‘ফ্যাশন’, ‘পেজ ৩’-এর মতো ছবির স্রষ্টার হাত ধরে এবার বলিউডের ‘ঘরোয়া’ গসিপ উঠে আসবে রুপোলি পর্দায়—আসন বাঁধুন, বলিউডের গ্ল্যামার-গসিপে এবার টানটান উত্তেজনা!