বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান থামেন না। একদিকে নতুন ছবির সাফল্য, অন্যদিকে নতুন স্বপ্নের পথে যাত্রা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জ়মিন পর’ দর্শকমনে দাগ কেটেছে গভীরভাবে।

আমির-গৌরী
শেষ আপডেট: 8 July 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান থামেন না। একদিকে নতুন ছবির সাফল্য, অন্যদিকে নতুন স্বপ্নের পথে যাত্রা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জ়মিন পর’ দর্শকমনে দাগ কেটেছে গভীরভাবে। কিন্তু আমিরের দৃষ্টি এর মধ্যেই তাঁর পরবর্তী প্রোজেক্টের দিকে—এবার আর একার ছবি নয়, বরং একেবারে একাধিক পর্বে মহাভারতের মহাকাব্যিক রূপান্তর হতে চলেছে বড় পর্দায়!
সম্প্রতি এক সাক্ষাৎকারে, সিনেমা থেকে ব্যক্তিগত জীবন—সব কিছু নিয়েই অকপট ছিলেন আমির। তিনি জানান, বহুদিন ধরেই মাথায় ঘুরছিল মহাভারত বানানোর চিন্তা। অবশেষে সেই স্বপ্ন সত্যি করতে চলেছেন। অগাস্ট মাস থেকেই শুরু হচ্ছে ছবির কাজ। আর এ নিয়ে কোনও আপস থাকবে না।
“মহাভারত আমার রক্তে মিশে গেছে,” অকপট আমির। “এই গল্প আমি না বলতে পারলে হবে না। তবে কোনও পরিচিত মুখ নয়। আমার কাছে চরিত্ররাই আসল তারকা। নতুন মুখ, নতুন প্রতিভা—তাঁদের দিয়েই এই মহাকাব্য ফুটিয়ে তুলব।”
এই ছবিতে তাঁর নিজের জন্যও কোনও চরিত্র রাখছেন না আমির। অর্থাৎ, কৃষ্ণ বা অর্জুন রূপে তাঁকে দেখা যাবে না। সম্পূর্ণ ভিন্ন ধরনের কাস্টিং নিয়ে আসতে চলেছেন তিনি।

তবে তাঁর শেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে যদিও মিশ্র প্রতিক্রিয়া ছিল, তবুও আমির জানালেন, “আমি ছবিটা নিয়ে গর্বিত। হয়তো সবার সঙ্গে কানেক্ট করতে পারেনি, কিন্তু একটা নির্দিষ্ট কিছু দর্শক আজও আমার ছবিটাকে ভালোবাসে। তারপরে অনেকেই আমায় বলেছিলেন, আমি যেন এমন ছবি না বানাই, কিন্তু আমি তো মন দিয়ে কাজ করি। আমার ছবিরগুলো বরাবরই আলাদা ছিল—‘লগান’, ‘রং দে বসন্তি’, ‘তারে জ়মিন পর’—সব কিছু নিয়েই আমাকে নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু গল্পটা যখন মনে বাসা বাঁধে, তখন আর কিছু ভাবি না।”

এই অন্তরের টানই তাঁকে নিয়ে এল স্প্যানিশ ছবির অ্যাডাপটেশন ‘সিতারে জ়মিন পর’-এর দিকে, যা এখন দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আর ব্যক্তিগত জীবন? আমির খানের হৃদয়েও এখন প্রেমের বসন্ত। প্রেমিকা গৌরী স্প্রাট-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জানালেন, “গৌরী আর আমি খুবই সিরিয়াস, খুবই কমিটেড একটা জায়গায় দাঁড়িয়ে আছি। বিয়েটা হয়তো এখনও হয়নি কাগজে-কলমে, কিন্তু মনের ভিতরে আমি ওকে আগেই বিয়ে করে ফেলেছি। আমরা একসঙ্গে আছি, ভালোবাসায়, বিশ্বাসে।”
ছবির পর ছবি নয়, এবার নিজেকে পুরোপুরি উজাড় করে ‘মহাভারত’-এর বিশাল ক্যানভাসে হাজির হচ্ছেন আমির খান। সঙ্গী হয়ে পাশে রয়েছেন গৌরী। সিনেমার স্ক্রিপ্টের মতোই জীবনটাও যেন এক অপূর্ব গল্প। দর্শকরা, অপেক্ষায় থাকবে—এই গল্পের পরবর্তী অধ্যায় দেখার জন্য।