
শেষ আপডেট: 23 May 2022 11:32
দ্য ওয়াল ব্যুরো: পরনে শার্ট আর ছোট স্কার্ট। হাতে অর্ধেক ভর্তি একটা মদের গ্লাস। বন্ধুদের সঙ্গে আড্ডায় মত্ত 'রামায়ণ' ধারাবাহিকের 'সীতা' (Dipika Chikhlia)! তাঁর এমন ছবি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক ট্রোলিং।
বিতর্কের মুখে পড়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ছবিটি ডিলিট করে দিয়েছেন অভিনেত্রী দীপিকা চিখালিয়া (Dipika Chikhlia)। ১৯৮০-র দশকে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল 'রামায়ণ'। রাম-রাবণের সেই গল্প পর্দায় তুলে ধরেছিলেন যে সমস্ত কলাকুশলীরা তাঁদের মধ্যে দীপিকা ছিলেন অন্যতম। তিনিই অভিনয় করেছিলেন 'মাতা সীতা'র চরিত্রে। তাঁর অভিনয়ে সেসময় মুগ্ধ হন দর্শকরা। পুরনো সেই ধারাবাহিক কিছুদিন আগে কোভিডের লকডাউনের সময়ও নতুন করে সম্প্রচারিত হয়েছিল। তাতেও টিআরপি বাড়ে হু হু করে।

পর্দায় যিনি মাতা সীতা, বাস্তবে তাঁর এমন রূপ চোখে লেগেছে নেটিজেনদের। শুরু হয়েছে জোরদার ট্রোলিং। ছবি দেখে বোঝা যাচ্ছে যে পার্টিতে দীপিকা (Dipika Chikhlia) গিয়েছিলেন সেখানে নির্দিষ্ট ড্রেস কোড ছিল। সেই অনুযায়ী সকলেই সাদা শার্ট, স্কার্ট, স্নিকার্স পরেছিলেন। দীপিকার হাতে ছিল তরল পানীয়ের গ্লাস। নেটিজেনরা তা দেখেও চোখ পাকিয়েছেন। কেউ বলেছেন, ‘মা, এ তোমার কোন অবতার? দেখতে একটুও ভাল লাগল না।’ একজন আবার বলেছেন, ‘মা, তুমি হাতে এটা কোন পানীয় নিয়েছো?’

এখানেই শেষ নয়, নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, দীপিকাজি, আপনাকে আমরা দেবীর আসনে বসিয়েছি। আপনার এমন জামাকাপড় পরা উচিত নয়।
এসব বিতর্কিত কথাবার্তা বেশি বাড়তে দেননি দীপিকা। ডিলিট করে দিয়েছেন নিজের সেই ছবি।