২০০১ সালের সেই ঘটনা আজও ভোলেননি কিং খান। জানুন কী হয়েছিল সেদিন…

শেষ আপডেট: 14 November 2025 19:22
দ্য ওয়াল ব্যুরো: বলিউড কিংবদন্তি দিলীপ কুমার এবং শাহরুখ খানের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও স্নেহের। দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু প্রায়ই শাহরুখকে তাঁদের 'সন্তান'-এর মতো মনে করতেন এবং শাহরুখও শেষ দিন পর্যন্ত নিয়মিত দিলীপ কুমারের সঙ্গে দেখা করতেন। কিন্তু খুব কম লোকই জানেন যে একবার দিলীপ কুমার নাকি শাহরুখ খানকে "চড় মেরেছিলেন"!
২০০১ সালের জি সিনে অ্যাওয়ার্ডসে অনুষ্ঠান সঞ্চালনা করার সময় শাহরুখের সঙ্গে এমন এক ঘটনা ঘটে, যা তিনি আজও ভুলতে পারেননি। শাহরুখ বলেন, 'আমি ধন্য। কারণ আমি যখন বম্বেতে এসে প্রথমবার দিলীপ কুমারজি'র সঙ্গে দেখা করি, তখন তিনি আমার গালে হালকা করে একটা চর মেরে বলেছিলেন, 'কঠোর পরিশ্রম করো!' আমি আপনাদের বলি, ওঁর মতো কোনও মানুষ যখন হালকা করে গালে টোকাও দেন, তখন তা একটা বিশাল চড়ের মতো লাগে।"
তিনি আরও মুচকি হেসে বলেন, "কিন্তু আমার খারাপ লাগেনি, কারণ সেই ছোট্ট একটা চড় আমার অভিনয় কেরিয়ারকে এক দশক এগিয়ে দিয়েছে। এখন আমি বিশ্বাস করি, আমার কেরিয়ারকে যদি আবার এগিয়ে নিয়ে যেতে হয়, তবে আমি দিলীপ কুমারজিকে অনুরোধ করব আরও একটা জোরে চড় মারার জন্য। হয়তো সেটা আমাকে আরও দুই দশক প্রাসঙ্গিক করে রাখবে।"
এই ঘটনা ঘটার মাত্র এক বছর পরেই শাহরুখ খান 'দেবদাস' ছবিতে অভিনয় করেন। আজ কিং খানের প্রায় ১৪,০০০ কোটি টাকা সম্পত্তির মালিক এবং ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে পরিচিত। সায়রা বানু একবার ইনস্টাগ্রামে শাহরুখ সম্পর্কে লিখেছিলেন, "প্রথমবার যখন আমি শাহরুখকে দেখলাম, তখন মনে হয়েছিল সে যেন আমার 'শাহেনশাহ দিলীপ সাহেবের' মতোই দেখতে... আমার মনে হয়েছিল, আমার ছেলে থাকলে সে ঠিক ওর মতোই হত।"