অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির ডেটিং–পর্বের এক মজার স্মৃতি ভাইরাল।

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি
শেষ আপডেট: 11 December 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো: আজ, ১১ ডিসেম্বর, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলি তাঁদের বিবাহিত জীবনের আট বছর পূর্ণ করলেন। এই বিশেষ দিনে ইন্টারনেট ব্যক্তিত্ব ফ্রেডি বার্ডি তাঁদের ডেটিং-এর গোপন সময়ের একটি মজার স্মৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে।
ফ্রেডি বার্ডি তাঁর ইনস্টাগ্রামে অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর একটি পুরনো সাক্ষাৎকারের স্মৃতি মনে করিয়ে দেন। তিনি বলেন, অনুষ্কা অবিশ্বাস্য সুন্দরী, অথচ খুবই সাদাসিধে ও মাটির মানুষ। কথা বলার সময় তিনি মজার, সহজ এবং দারুণ আকর্ষণীয় ছিলেন।
ফ্রেডি তাঁর পোস্টে লেখেন, "অনুষ্কা তখন সিঙ্গল ছিলেন, একটি সুন্দর পেন্টহাউস অ্যাপার্টমেন্টে থাকতেন। আমার মনে আছে, আমি দিল্লি থেকে মুম্বাই গিয়েছিলাম সেই সাক্ষাৎকারের জন্য। আমার ড্রাইভার আমার চেয়েও বেশি উৎসাহিত ছিল, এবং আমরা যখন অ্যাপার্টমেন্টের কাছে পৌঁছাই, সে আমাকে বলে'আপনি অবশ্যই ওকে জিজ্ঞাসা করবেন যে ও বিরাট কোহলির সঙ্গে ডেটিং করছে কিনা'।"
তিনি আরও লেখেন, "আমার মনে আছে অনুষ্কা একেবারে অপূর্ব এবং বিনয়ী ছিলেন। তিনি ঘরে ঢুকেই বলেন যে তাঁর মা নাকি বলেছেন, অন্তত আমার জন্য চুল আঁচড়ে আসতে!, কিন্তু তিনি বলেন, 'আমার মনে হয় এভাবেই ভা লাগছে'।"
ফ্রেডি যোগ করেন, "তিনি সুন্দরী ছিলেন। তবে সুন্দরীর চেয়েও বেশি তিনি ছিলেন মজার, স্বাভাবিক এবং শান্ত। কিছুক্ষণ পর যখন মনে হল আমরা পুরনো বন্ধু, তখন আমার ড্রাইভারের কথা মনে পড়ল এবং বিরাট কোহলির প্রশ্নটি জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিলাম। স্বাভাবিকভাবেই তাঁর সেরা অভিনয় দক্ষতা সামনে এলো, এবং তিনি প্রশ্নটা কিছুই জানেন না এমন ভান করলেন। আমিও ছেড়ে দিলাম।"
কিন্তু এর কয়েক মিনিট পরই ঘটল আসল ঘটনা। ফ্রেডি লেখেন, "কিন্তু তারপর দু'মিনিট পরই তাঁর মোবাইল ফোন বেজে উঠল, এবং ঘরের সম্পূর্ণ নীরবতার মধ্যে আমি অপর প্রান্তের ব্যক্তিকে শুনতে পেলাম খুব সুন্দরভাবে ফ্লার্ট করতে এবং ডিনারের পরিকল্পনা করতে। আমি নিশ্চিত ছিলাম, ইনিই ছিলেন বিরাট কোহলি।"
ফ্রেডি তাঁর পোস্ট শেষ করে লেখেন, "আজ অবশ্য বিরাট কোহলি একজন জাতীয় এবং বিশ্ব চ্যাম্পিয়ন। তাঁদের একটি দারুণ সুন্দর বিবাহিত জীবন এবং দুটি সন্তান আছে। আমার মনে হয় তাঁরা মিডিয়ার আলো থেকে দূরে নিজেদের জন্য একটি ব্যক্তিগত, সুখী এবং সুরক্ষিত জায়গা তৈরি করতে পেরেছেন। কিন্তু আমার এখনও মনে আছে, আমি যখন গাড়িতে ফিরে এলাম, আমার ড্রাইভার আমাকে জিজ্ঞেস করেছিল, তিনি বিরাট কোহলি সম্পর্কে কিছু বলেছেন কিনা, আর আমি মনে মনে হাসলেও বলেছিলাম, 'না'।"