অভিষেক–ঐশ্বর্যার ডিভোর্স জল্পনা ঘিরে অবশেষে মুখ খুললেন অভিষেক বচ্চন।

অভিষেক–ঐশ্বর্যা
শেষ আপডেট: 11 December 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বচ্চন–ঐশ্বর্যা রাই বচ্চনের ডিভোর্সের গুঞ্জন বহু দিন ধরেই বলিউডে চর্চার কেন্দ্রবিন্দু। ২০২৪ সালের জুলাইয়ে অনন্ত আম্বানির বিয়েতে দু’জনকে আলাদাভাবে উপস্থিত হতে দেখা মাত্রই সেই গুঞ্জন আরও জোরালো হয়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিচ্ছেদের নানান জল্পনা। যদিও অভিষেক–ঐশ্বর্যা বা বচ্চন পরিবারের কেউই এত দিন এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। অবশেষে নীরবতা ভাঙলেন অভিষেক। জানালেন, পরিবার সম্পর্কে কোনও বাজে কথা তিনি বরদাস্ত করবেন না।
শিল্পী পরিবারের সন্তান হিসেবে এবং ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণের লড়াইয়ে যে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হয়, তা ভাল করেই জানেন তিনি। প্রেম, সম্পর্ক, বিচ্ছেদ সবকিছু নিয়েই সিনে দুনিয়ার দৃষ্টি থাকে তাঁদের উপর। তাই ডিভোর্সের গুঞ্জন নিয়েও এবার খোলাখুলি বললেন বচ্চন-পুত্র।
এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, “যারা এক সময় জানতে চাইত আমরা কবে বিয়ে করব, আজ তারাই ডিভোর্সের কথা বলছে। আমার স্ত্রী সব সত্যিটা জানে, আমিও জানি তাঁর জীবনের প্রতিটি সত্য। আমরা অত্যন্ত সুখী পরিবার, এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
ডিভোর্স জল্পনার কঠিন সময়টা তিনি কীভাবে সামলেছেন? বললেন, “চলচ্চিত্র জগতে বড় হয়ে ওঠার এবং ইন্ডাস্ট্রিতে কর্মরত একজন স্ত্রী থাকার বড় সুবিধা হল, ও সব বুঝতে পারে। বিনয়ের সঙ্গে বলছি, মিডিয়া প্রায়ই ভুল খবর ছড়ায়। আজকের দিনে সবার আগে রিপোর্ট করতে হবে, এই চাপ আমি বুঝি। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে, আপনি একজন মানুষের কথা বলছেন।”
এর সঙ্গে অভিষেকের বক্তব্য, “বাবা, স্বামী হিসেবে কিছু দায়িত্ব আছে। আমার পরিবার সম্পর্কে কেউ বাজে কথা বললে তার জবাব পেতেই হবে। কারণ এটা সহ্য করা যায় না। কঠোর শোনাতে পারে, কিন্তু এটা আমার অহংকার নয়, এটা পরিবারকে রক্ষা করার দায়িত্ব।”
ডিভোর্সের গুঞ্জন তাঁদের মেয়ে আরাধ্যার উপর কোনও প্রভাব ফেলেছিল কি? উত্তরে অভিষেক বলেন, “ঐশ্বর্যা আরাধ্যাকে শিখিয়েছে, আমাদের প্রতি মানুষের ভালবাসা চলচ্চিত্র জগতের জন্যই। কিন্তু পর্দায় বা খবরের কাগজে যা দেখা যায়, সবটাই সত্যি নয়, এটাও ও জানে।’’
আরও জানান, “আরাধ্যা অত্যন্ত আত্মবিশ্বাসী। তার নিজের মতামত আছে। আমরা সেটা নিয়েই বাড়িতে আলোচনা করি। কীভাবে নিজের কথা প্রকাশ করতে হয়, সেটাও সে জানে।”