অভিযোগকারিণীর দাবি, প্রায় এক দশক ধরে এই অত্যাচার চলেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিবার শারীরিক সম্পর্কের আগে অভিনেতা তাঁকে আশ্বাস দিতেন যে তিনি তাঁকে বিয়ে করবেন।

শেষ আপডেট: 26 January 2026 14:31
দ্য ওয়াল ব্যুরো: ‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খন্নার চরিত্র ‘রহমান ডাকাত’-এর রাঁধুনির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এবার বাস্তবে খবরের শিরোনামে উঠে এল অভিনেতা নাদিম খানের (Nadeem Khan) নাম। অভিনেতার বিরুদ্ধে বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন তাঁরই গৃহপরিচারিকা। নির্যাতিতা মুম্বইয়ের মালওয়ানি থানায় (Mumbai Police) লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে খবর। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার নাদিম।
অভিযোগকারিণীর দাবি, প্রায় এক দশক ধরে এই অত্যাচার চলেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিবার শারীরিক সম্পর্কের আগে অভিনেতা তাঁকে আশ্বাস দিতেন যে তিনি তাঁকে বিয়ে করবেন। সেই প্রতিশ্রুতির উপর ভরসা রেখেই তিনি নীরব ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভয় দেখিয়ে জোরপূর্বক সহবাসে বাধ্য করার অভিযোগও উঠেছে নাদিম খানের বিরুদ্ধে।
পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে ওই মহিলা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে ভয় ও আতঙ্কের মধ্যেই দিন কাটিয়েছেন তিনি। বারবার দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবং নির্যাতন সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় অবশেষে তিনি আইনি পথ বেছে নিতে বাধ্য হন। অগত্যা প্রশাসনের দ্বারস্থ হন তিনি।
অভিযোগ গ্রহণের পর মালওয়ানি থানার পুলিশ নাদিম খানের বিরুদ্ধে মামলা রুজু করেছে। তদন্তের প্রয়োজনে অভিনেতাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
অভিনেতার বিরুদ্ধে পুলিশ আরও খোঁজ নেওয়ার চেষ্টা করছে। এর আগে নাদিম খানের বিরুদ্ধে এই ধরনের কোনও অভিযোগ নথিভুক্ত হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মামলার স্বার্থে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
প্রসঙ্গত, বেশ কিছু বড় ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে নাদিমকে। বড়পর্দার পাশাপাশি থিয়েটারেও তিনি পরিচিত মুখ। তবে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেতা।