১৩০০ কোটির বেশি আয়ের পর এবার OTT-তে আসছে রণবীর সিংয়ের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’।

‘ধুরন্ধর’
শেষ আপডেট: 22 January 2026 18:43
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসের প্রচলিত সব হিসেব-নিকেশ ওলটপালট করে এই মুহূর্তে বিনোদন দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচনায় আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar)। রণবীর সিং (Ranveer Singh) ও অক্ষয় খান্নার (Akshaye Khanna) মতো তারকাবহুল কাস্ট নিয়ে তৈরি এই স্পাই থ্রিলার ইতিমধ্যেই ভারতের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির তকমা দখল করেছে। প্রেক্ষাগৃহে রেকর্ড গড়ার পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজের দাপট দেখাতে চলেছে এই ব্লকবাস্টার। মুক্তির দেড় মাসের মধ্যেই দর্শকরা ঘরে বসে ওটিটিতে দেখতে পারবেন ‘ধুরন্ধর’।
দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহে দুরন্ত সাফল্যের পর এবার ডিজিটাল পর্দায় পা রাখছে ছবিটি। স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) থেকে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে দেখা যাবে ‘ধুরন্ধর’। শোনা যাচ্ছে, ‘ধুরন্ধর’ ও তার সিক্যুয়েলের ডিজিটাল স্বত্ব মিলিয়ে প্রায় ১৩০ কোটি টাকার মেগা চুক্তি হয়েছে প্রযোজনা সংস্থা ও নেটফ্লিক্সের মধ্যে। এই ডিল রণবীর সিংয়ের কেরিয়ারে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অন্দরমহল।
৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়েছে ‘ধুরন্ধর’। সর্বশেষ হিসাব অনুযায়ী, ছবিটির বিশ্বব্যাপী আয় ১৩৩৯.৮০ কোটি টাকা। ভারতের বক্স অফিসেই ৪৮ দিনে এই ছবি ৮৮৪ কোটি টাকা (নেট) এবং প্রায় ৯৯৫ কোটি টাকা (গ্রস) সংগ্রহ করেছে। সানি দেওলের ‘গদর ২’ কিংবা অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর মতো দানবীয় হিটকেও পিছনে ফেলে বর্তমানে এটি ভারতের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি।
প্রথম ভাগের সাফল্যের রেশ কাটতে না কাটতেই পরিচালক আদিত্য ধর ঘোষণা করে দিয়েছেন সিক্যুয়েলের মুক্তির তারিখ। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। অর্থাৎ দু’মাসেরও কম সময়ের ব্যবধানে ফের বক্স অফিসে ঝড় তুলতে হাজির হবেন রণবীর সিং। এই ছবিতে রণবীরের চরিত্র ‘জসকিরত সিং রাঙ্গি’ কীভাবে ধীরে ধীরে লিয়াকতপুরীর ডন ‘হামজা আলি মাজারি’ হয়ে ওঠেন, সেই রূপান্তরের গল্পই তুলে ধরা হবে। পাশাপাশি উন্মোচিত হবে অক্ষয় খান্নার অভিনীত ‘রহমান ডাকাত’ চরিত্রের অতীতের রহস্যও।
১৯ মার্চ শুধু ‘ধুরন্ধর ২’-এর মুক্তির দিনই নয়, ওই একই দিনে প্রেক্ষাগৃহে আসছে কন্নড় সুপারস্টার ইয়াশের বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’। দুই মেগাস্টারের এই মুখোমুখি লড়াইকে ইতিমধ্যেই বিনোদন বিশেষজ্ঞরা আখ্যা দিচ্ছেন ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস’ হিসেবে।