রণবীর সিং ও সঞ্জয় দত্তের সাথে ‘ধুরন্ধর ২’-তে অভিনয় করা বদরুল ইসলাম এখনও বড় পর্দায় নিজের অভিনয় দেখতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখুন।

ফাইল চিত্র
শেষ আপডেট: 26 March 2026 13:28
দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিং, সঞ্জয় দত্ত এবং আর মাধবনের মতো তারকাখচিত উপস্থিতির মধ্যেও ‘ধুরন্ধর ২’ ছবির (Dhurandhar 2 Badarul Islam) শেষ দৃশ্যটি আলাদা করে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। ছবির একেবারে শেষ মুহূর্তে দেখা যায় এক অটোচালককে। বাস্তব জীবনেও তিনি অটোচালক—নাম বদরুল ইসলাম। কিন্তু নির্মম বাস্তব হল, যে ছবি সারা দেশে রেকর্ড গড়ছে, সেই ছবিটিই এখনও প্রেক্ষাগৃহে গিয়ে দেখা হয়ে ওঠেনি তাঁর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বদরুলকে বলতে শোনা যায়, তিনি এখনও বড় পর্দায় নিজের অভিনয় দেখতে পারেননি। কারণ, এখন সিনেমার টিকিটের দাম প্রায় ৫০০ টাকা। ছবিটি সদ্য মুক্তি পেয়েছে, এত টাকা খরচ করার সামর্থ্য তাঁর নেই। সুযোগ পেলে পরে কোনওদিন দেখবেন বলেই জানিয়েছেন তিনি। বদরুলের এই সরল স্বীকারোক্তি নেটিজ়েনদের আবেগপ্রবণ করে তুলেছে।
ভিডিওতে তাঁকে আরও জিজ্ঞেস করা হয়, তাঁর সন্তানরা কি তাঁকে পর্দায় দেখতে চায়? উত্তরে বদরুল জানান, তাঁর ছেলেমেয়েরা ভীষণ আগ্রহী। কিন্তু বাস্তবের অঙ্কটা কঠিন। তাঁদের পরিবারে মোট পাঁচজন সদস্য। সবাইকে নিয়ে সিনেমা দেখতে গেলে খরচ পড়বে প্রায় ২৫০০ টাকা, যা তাঁদের পক্ষে একসঙ্গে খরচ করা প্রায় অসম্ভব। বদরুলের কথায়, সারা মাস টেনেটুনে সংসার চালালে ওই টাকাটুকুই সঞ্চয় করা যায়, তাই আপাতত সন্তানদের নিয়ে সিনেমা দেখার বিলাসিতা করতে পারছেন না তিনি।
বদরুলের এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন প্রতিক্রিয়ার ঢেউ উঠেছে। ছবির পরিচালক আদিত্য ধরের কাছে অনুরাগীরা একের পর এক অনুরোধ জানাতে শুরু করেছেন, যাতে বদরুলের মতো ছোট শিল্পীদের জন্য একটি বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, যখন রণবীর সিং বা সঞ্জয় দত্তের মতো তারকারা মোটা পারিশ্রমিক নিচ্ছেন এবং ‘ধুরন্ধর ২’ ইতিমধ্যেই ৯১৯ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে, তখন ছবির এই বাস্তব জীবনের শিল্পীর জন্য একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা কি খুব কঠিন?