এত দীর্ঘ শ্রদ্ধাঞ্জলি পর্বের মধ্যেও ধর্মেন্দ্র (Dharmendra)-র নাম না থাকায় হতাশ হয়েছেন অনেক ভারতীয় দর্শক। গত বছরের নভেম্বর মাসে ৮৯ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি অভিনেতা। ছয় দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেষ আপডেট: 16 March 2026 13:31
দ্য ওয়াল ব্যুরো: ৯৮তম অস্কার-এর জাঁকজমকপূর্ণ আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস (Los Angeles)-এ। রবিবার, ১৫ মার্চ, তা ঘিরেই সকলের উত্তেজনা ছিল তুঙ্গে। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানে ছিল এক বিশেষ ‘ইন মেমোরিয়াম’ (In Memoriam) পর্ব, যেখানে গত এক বছরে প্রয়াত অভিনেতা, নির্মাতা ও চলচ্চিত্র জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানো হয়।
তবে এই অংশ ঘিরেই ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভারতীয় অনুরাগীরা। কারণ, বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)-র নাম টেলিভিশনে সম্প্রচারিত ‘ইন মেমোরিয়াম’ (In Memoriam) অংশে দেখা যায়নি।
এবারের শ্রদ্ধাঞ্জলি পর্বটি ছিল অস্কারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। সেটি দু’টি ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম অংশে স্মরণ করা হয় হলিউডের দুই কিংবদন্তি ব্যক্তিত্ব Rob Reiner এবং Robert Redford-কে। তাঁদের স্মরণ করতে মঞ্চে উপস্থিত হন সহকর্মীরা। দর্শকরাও নীরবতা পালন করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।
তবে এত দীর্ঘ শ্রদ্ধাঞ্জলি পর্বের মধ্যেও ধর্মেন্দ্র (Dharmendra)-র নাম না থাকায় হতাশ হয়েছেন অনেক ভারতীয় দর্শক। গত বছরের নভেম্বর মাসে ৮৯ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি অভিনেতা। ছয় দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অতীতে কিন্তু অস্কারের ‘ইন মেমোরিয়াম’ ‘In Memoriam’ বিভাগে ভারতীয় শিল্পীদের স্থান দেওয়া হয়েছে। প্রয়াত অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor) এবং ইরফান খান (Irrfan Khan)-কেও সেই তালিকায় সম্মান জানানো হয়েছিল।
অনুষ্ঠান শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। কেউ লিখেছেন, ছয় দশক ধরে সিনেমায় অবদান রাখা এক কিংবদন্তি অভিনেতাকে উপেক্ষা করা অত্যন্ত দুঃখজনক। আবার কেউ প্রশ্ন তুলেছেন, বিশ্বব্যাপী অনুষ্ঠানের দাবি করলেও কেন ভারতীয় আইকনদের যথাযথ সম্মান দেওয়া হয় না।
তবে টেলিভিশনে নাম না দেখানো হলেও ধর্মেন্দ্র (Dharmendra)-কে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়নি। আকাদেমি অব মোশন পিকচারস এন্ড সায়েন্স (Academy of Motion Picture Arts and Sciences)-এর প্রকাশিত অফিসিয়াল অনলাইন স্মরণতালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরের ফেব্রুয়ারিতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হল (Royal Festival Hal)l-এ অনুষ্ঠিত BAFTA Awards-এর ইন মেমরিয়াম (In Memoriam) অংশে একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে শ্রদ্ধা জানানো হয়েছিল ধর্মেন্দ্রকে। তাঁর দীর্ঘ ও গৌরবময় চলচ্চিত্র জীবন আজও ভক্তদের মনে অমলিন হয়ে রয়েছে। আর সেই জায়গা থেকেই এবার চরল অভিমানের পারদ। সোশ্যাল মিডিয়া পোস্টে ভরে উঠছে নেটপাড়া।