২০১৬ সালে থেনানডাল ফিল্মস-এর সঙ্গে চুক্তি করেও শ্যুটিং শুরু না করায় আইনি নোটিস পেলেন ধনুষ। প্রযোজনা সংস্থার দাবি, বিলম্বের জন্য অভিনেতাকে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

ধনুষ
শেষ আপডেট: 14 February 2026 13:35
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী চলচ্চিত্র জগতে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন সুপারস্টার ধনুষ (Dhanush legal notice)। অভিযোগ, চুক্তি স্বাক্ষরের প্রায় দশ বছর কেটে গেলেও সংশ্লিষ্ট ছবির কাজ শুরু হয়নি। এই কারণেই অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে প্রযোজনা সংস্থা থেনানডাল। ইতিমধ্যেই ধনুষের কাছে পাঠানো হয়েছে আইনি নোটিস, পাশাপাশি দাবি করা হয়েছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ।
দক্ষিণী সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে থেনানডাল প্রযোজনা সংস্থার সঙ্গে একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ধনুষ। সেই ছবিতে তাঁর শুধু অভিনয় নয়, পরিচালনার দায়িত্বও নেওয়ার কথা ছিল। কিন্তু এক দশক পেরিয়ে গেলেও ছবির শুটিং শুরু হয়নি। দীর্ঘদিন ধরে প্রকল্পটি অনিশ্চয়তায় আটকে থাকায় শেষ পর্যন্ত প্রযোজনা সংস্থা আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। নোটিসে ধনুষের কাছে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
শোনা যাচ্ছে, ছবির চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন প্রযোজকরা। কিন্তু সেই পরিবর্তনে সম্মত হননি ধনুষ এবং প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নেন। অভিযোগ, তিনি ছবির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও সহযোগিতা করেননি। এর ফলেই দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে ছবির শুটিং।
প্রযোজনা সংস্থার পাঠানো আইনি নোটিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই বিলম্বের কারণে ছবির টিমকে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তাই সেই ক্ষতিপূরণের দায় ধনুষকেই নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ক্ষতিপূরণ না দেওয়া হয় বা প্রয়োজনীয় পদক্ষেপ না করা হয়, তাহলে অভিনেতার বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
প্রযোজকদের আইনজীবীর বক্তব্য, চুক্তি সই করার পরও ধনুষ ছবির কাজে সহযোগিতা করেননি, যার ফলে মাঝপথেই থমকে গেছে পুরো প্রকল্প। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত ধনুষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।