এই খবর পেতেই তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান অভিনেতা-সাংসদ দেব। করিমুল হকের জীবন অবলম্বনে যাঁর আগামী ছবি। হাসপাতালে গিয়ে করিমুলের সঙ্গে দেখা করেন দেব।
.jpg.webp)
শেষ আপডেট: 14 January 2026 16:24
দ্য ওয়াল ব্যুরো: হৃদ্রোগে আক্রান্ত জলপাইগুড়ির করিমুল হক, যিনি দেশজুড়ে পরিচিত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নামে। কলকাতার প্রথম সারির এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বসানো হয়েছে পেসমেকার। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে যান অভিনেতা-সাংসদ দেব।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচার সম্পূর্ণ সফল। করিমুলের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা তাঁকে উঠে বসার অনুমতিও দিয়েছেন। সব কিছু ঠিক থাকলে আজ অর্থাৎ বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা তাঁর।
এই খবর পেতেই তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান অভিনেতা-সাংসদ দেব। করিমুল হকের জীবন অবলম্বনে যাঁর আগামী ছবি। হাসপাতালে গিয়ে করিমুলের সঙ্গে দেখা করেন দেব। সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে তিনি লেখেন, “দ্রুত সুস্থ হয়ে ওঠো করিমদা। তোমার জন্য প্রার্থনা জানাচ্ছি। তুমিই তো আমাদের বাস্তবের ‘অ্যাম্বুল্যান্স দাদা’।”
২০২৫-এর বড়দিনের ছবিমুক্তির পর থেকেই নিজের ৫০তম ছবি নিয়ে ব্যস্ত দেব। সেই ছবিতেই বড়পর্দায় তুলে ধরা হবে পদ্ম সম্মানে সম্মানিত করিমুল হকের জীবনকথা। মানুষের সেবায় নিবেদিত এই জীবনের শুরুটার গল্পটা ছিল গভীর যন্ত্রণায়। অ্যাম্বুল্যান্সের অভাবে মাকে সময়মতো হাসপাতালে নিয়ে যেতে না পারায় মাতৃহারা হন তিনি। সেই শোকই করিমুলের জীবনদর্শন পাল্টে দেয়। এরপর নিজের বাইককেই অ্যাম্বুল্যান্সে রূপান্তরিত করে জলপাইগুড়ির প্রত্যন্ত এলাকার দুঃস্থ রোগীদের বিনা খরচে হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন তিনি।
দেবের আগেই জানিয়েছিলেন, “অনেক বছর আগেই করিমুল হককে নিয়ে ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় মুম্বইয়ের এক প্রযোজক গল্পের স্বত্ব কিনে নেন। ছবিটি হিন্দিতে হওয়ার কথা ছিল। তাই তখন সরে দাঁড়াতে হয়েছিল।”
প্রসঙ্গত, ২০১৮ সালে ছবিটি পরিচালনার কথা ছিল বিনয় মুদ্গলের। করিমুলের চরিত্রে অভিনয়ের জন্য নওয়াজউদ্দিন সিদ্দিকি, আমির খান অনেকেরই নাম আলোচনায় উঠে এসেছিল। মাস চারেক আগে বিনয় মুদ্গলের ফোনেই পরিস্থিতি বদলায়। প্রযোজক-অভিনেতা দেব নিজেই গল্পের স্বত্ব কিনে নেন।
ইতিমধ্যেই চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন দেব। এর আগে জলপাইগুড়ি গিয়ে করিমুলের সঙ্গে দেখা করেছেন তিনি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং।