প্রথম শো ১৬ অক্টোবর সকাল সাড়ে সাতটায়। এই টিকিটে থাকছে দেব-শুভশ্রীর অটোগ্রাফও। এই সিদ্ধান্তের জন্যে প্রয়োজনীয় সকল অনুমতি নিয়ে নিয়েছে টিম। দেবের কথায়- যাঁরা এতদিন আগে থেকে টিকিট কেটে অপেক্ষায় থাকবেন, তাঁরা পর্দায় এসে সেদিন দারুণ এক চমক উপভোগ করতে চলেছেন।

শেষ আপডেট: 19 January 2026 15:45
দ্য ওয়াল ব্যুরো: দেশু-৭, টানা ১২ বছর পর পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী (Dev-Subhashree)। দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। ছবি ঘোষণার পর থেকেই পলক গুনছিলেন জুটির অনুরাগীরা। ছবি ঘিরে ক্রমেই বাড়ছিল জল্পনা। চমক তখনও ছিল বাকি, এবার ১৯ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রথমবার লাইভে এলেন জুটি। আর সেখানে খোলসা করলেন তাঁদের ঝুলিতে রয়েছে কোন ধামাকা। ভারতীয় সিনেমায় প্রথমবার, ১০ মাস আগে শুরু হল টিকিট বুকিং (DeSu advance ticket booking)। শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) প্রথমেই জানিয়েছিলেন, এই লাইভে থাকতে চলেছে সবচেয়ে বড় চমক। ভারতীয় ছবিতে যা আগে কখনও হয়নি, এবার সেই চমক থাকছে দর্শকদের জন্যে। আর তা হল, আজই প্রথম শো-এর টিকিট বুকিং শুরু।
এদিন লাইভের শেষ পর্যায় এসে কথা রাখলেন দেব (Dev)। সত্যিই দিলেন চমক। দেশু-৭-এর নাম এখনও স্থির হয়নি। কাস্ট নিয়েও চলছে জল্পনা, তারই মাঝে হয়ে গেল প্রথম দিনের প্রথম শোয়ের টিকিট বিক্রি। এদিনের লাইভ শেষে খুলে যায় অনলাইন বুকিং। ঘড়ির কাঁটায় তখন দুপুর তিনটে। ঝড়ের গতিতে বিক্রি হতে থাকে ২০০০ আসন। মুহূর্তে হাউসফুল। যাঁরা এদিন টিকিট কাটলেন তাঁরা হাতে গরম গোল্ড টিকিট পেতে চলেছেন এই মাসের ২৮-২৯ তারিখে নির্দিষ্ট সিনেমাহল থেকে।
প্রথম শো ১৬ অক্টোবর সকাল সাড়ে সাতটায়। এই টিকিটে থাকছে দেব-শুভশ্রীর অটোগ্রাফও। এই সিদ্ধান্তের জন্যে প্রয়োজনীয় সকল অনুমতি নিয়ে নিয়েছে টিম। দেবের কথায়- যাঁরা এতদিন আগে থেকে টিকিট কেটে অপেক্ষায় থাকবেন, তাঁরা পর্দায় এসে সেদিন দারুণ এক চমক উপভোগ করতে চলেছেন।
দেব-শুভশ্রীকে নিয়ে দর্শক মনে যা চাহিদা আছে, ছবিতে তা উজার করে দিতে চান জুটি। থাকবে অ্যাকশন, থাকবে থ্রিলার, থাকবে রোম্যান্স। শুভশ্রীর কথায়, অনেকেই ধূমকেতু ছবি দেখার পর অভিযোগ করেছিলেন দেব-শুভশ্রীর রোম্যান্স ছিল না চিত্রনাট্যে, তাঁদের কথাও ভাবা হয়েছে।
শুভশ্রীকে যখন এই ছবির প্রস্তাব দেন দেব, মাত্র ৩০ সেকেন্ড নিয়েছিলেন তিনি রাজি হতে। কারণ বাংলা ছবির স্বার্থে, বাংলা দর্শকের স্বার্থে তাঁরা বারবার ফিরে আসতে রাজি। তাই ছবির গল্প না শুনে, কাস্টের নাম না জেনেই একসঙ্গে মাঠে নেমে পড়েন তাঁরা। উদ্দেশ্য বাংলা ছবির সাফল্য। ২০২৬ সালে একাধিক বড় ছবির মুক্তি রয়েছে টলিপাড়ার ঝুলিতে। তবে দেশু-৭-কে এক পা এগিয়ে রাখছেন তাঁরা। জুটির এই কামব্যাক অনুরাগীদের কাছে বর্তমানে সেলিব্রেশন।