সময় যে সব হিসেব পাল্টে দেয়, তারই প্রমাণ মিলল রবিবার। ফেডারেশনের উৎকর্ষ সম্মান অনুষ্ঠানে পুরনো সব তিক্ততা যেন গলে জল। মঞ্চে একসঙ্গে দেখা গেল দেব এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে।

শেষ আপডেট: 15 December 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-এর পুজোতে মুক্তি পেয়েছিল পাশাপাশি দু’টি ছবি—দেবের ‘টেক্কা’ আর শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘বহুরূপী’। সেই মুখোমুখি লড়াই শুধু বক্স অফিসেই নয়, ছায়া ফেলেছিল ব্যক্তিগত সম্পর্কেও। দেব আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ভক্তদের মধ্যেও শুরু হয়েছিল কাদা ছোড়াছুড়ি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, দেবের একাংশ অনুরাগীর কুরুচিকর আক্রমণের শিকার হন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া। বিষয়টি নিয়ে থানার দ্বারস্থও হতে হয় শিবপ্রসাদকে। অথচ গোটা ঘটনায় একেবারেই নীরব ছিলেন অভিনেতা-সাংসদ দেব। এবার পুজোতেও একই কাণ্ড। মুক্তি পায় দেবের 'রঘুডাকাত', শিবু-নন্দিতার 'রক্তবীজ ২'। সে সময়েও দেখা যায় একই চিত্র। দেবকে 'তোতলা ডাকাত' বলে তুলোধনা আবার উইন্ডোজকে 'জানলা হাউজ' বলেও করা হয় কটাক্ষ। আখেরে ক্ষতি হয় বাংলা ছবির। দু'টি ছবির বক্তঅফিসেই এর প্রভাব পড়ে।
কিন্তু সময় যে সব হিসেব পাল্টে দেয়, তারই প্রমাণ মিলল রবিবার। ফেডারেশনের উৎকর্ষ সম্মান অনুষ্ঠানে পুরনো সব তিক্ততা যেন গলে জল। মঞ্চে একসঙ্গে দেখা গেল দেব এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। স্বরূপ বিশ্বাসের আমন্ত্রণে দু’জনেই মঞ্চে ওঠেন একসঙ্গে। হাত মেলানো, আলিঙ্গন—সব মিলিয়ে স্পষ্ট বার্তা, অতীত এখন অতীতই।

মঞ্চ থেকে নামার পর দেব নিজেই মুখ খুললেন। সংবাদমাধ্যমের সামনে অকপট স্বীকারোক্তি অভিনেতার। দেবের কথায়, শিবপ্রসাদ তাঁর খুব কাছের মানুষ এবং বাংলা ইন্ডাস্ট্রির গর্ব। শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের অবদান অস্বীকার করার জায়গা নেই বলেই স্পষ্ট করেন তিনি।
দেব বলেন, "শিবু এবং নন্দিতাদি যে যে ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলা ছবিপ্রেমীদের উপহার দিয়েছে, সেটা অস্বীকার করা যাবে না। আমি শিবু আর নন্দিতাদির মতো গুণী নই। ওঁরা গুণী পরিচালক, লেখক। আমি তো সেরকম কিছু পাইনি বলে নিজে প্রযোজক হয়েছি। ক্রিয়েটিভ প্রডিউসার হয়েছি।’

এখানেই শেষ নয়, শিবপ্রসাদ-নন্দিতা কিংবা উইন্ডোজের অবদানের কথা বলতে গিয়ে দেব বলেন, এই প্রজন্মে তাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত। যেমন লেখা আছে এসভিএফ বা সুরিন্দর ফিল্মসের নাম। লড়াইটা কার জায়গা কত বড়, তা নিয়ে নয়—লড়াইটা বাংলা ইন্ডাস্ট্রিকে কতটা বড় করা গেল, সেটাই আসল, এমনটাই মনে করেন বলে জানান অভিনেতা।
বড়দিকে আসছে দেবের ছবি 'প্রজাপতি ২'। অন্যদিকে এই বড়দিনে উইন্ডোজের কোনও ছবি নেই। 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়েছে। মুক্তি পাবে জানুয়ারি মাসে। ওই ছবিতে রয়েছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত ও স্বস্তিকা দত্ত সহ অনেকেই।