চোখেমুখে ক্লান্তির ছাপ, শরীরে অবসাদ—সব মিলিয়ে ঠিক আগের মতো ঝলমলে নেই রুক্মিণী মৈত্র। কখনও পায়ের চোট, কখনও কাজের চাপ—শরীর যেন বারবার দিচ্ছে সতর্কবার্তা। কয়েক মাস আগেই অসুস্থতার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আর এখন ফের জ্বরে কাবু অভিনেত্রী।

শেষ আপডেট: 23 August 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: চোখেমুখে ক্লান্তির ছাপ, শরীরে অবসাদ—সব মিলিয়ে ঠিক আগের মতো ঝলমলে নেই রুক্মিণী মৈত্র। কখনও পায়ের চোট, কখনও কাজের চাপ—শরীর যেন বারবার দিচ্ছে সতর্কবার্তা। কয়েক মাস আগেই অসুস্থতার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আর এখন ফের জ্বরে কাবু অভিনেত্রী। নিজের ছবি শেয়ার করে সমাজমাধ্যমেই জানিয়েছেন, ১০২ ডিগ্রি জ্বরে ভুগছেন তিনি, চিকিৎসকরা এমন জ্বর হওয়াকে বলছেন ‘ভাইরাল ফিভার’।
এই মুহূর্তে রুক্মিণী রয়েছেন মুম্বইয়ে। শোনা যাচ্ছে, সেখানেই তিনি ওয়ার্কশপে অংশ নিচ্ছেন, পাশাপাশি বিজ্ঞাপন ও মডেলিংয়ের কাজেও ব্যস্ত। কিন্তু ব্যস্ততার মাঝেই হঠাৎ এসে পড়া অসুস্থতা তাঁর শরীরকে একেবারে ভেঙে দিয়েছে। ঋতুবদলের সময়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই, আর রুক্মিণীও সেই ভিড়েরই এক অংশ হয়ে পড়লেন।
অন্যদিকে, দেব ও শুভশ্রীর পুরনো ছবি ‘ধূমকেতু’ মুক্তির পর থেকেই নায়িকার নাম বারবার উঠে এসেছে নানা আলোচনায়। কারও কারও দাবি, দেব-শুভশ্রীর পুনর্মিলন পছন্দ হয়নি দেবের দীর্ঘদিনের সঙ্গিনী রুক্মিণীর। যদিও এই সমস্ত গুঞ্জনকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। বরং প্রকাশ্যেই জানিয়েছেন, দেবের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কে এসবের কোনও প্রভাবই পড়েনি।

‘ধূমকেতু’-র প্রচারের সময়ে দর্শকদের কিছু আচরণ আঘাত করেছিল রুক্মিণীকে। দেব প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন শুভশ্রী, রাজ এবং তাঁর হয়ে। অথচ রুক্মিণী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দেবের ক্ষমা চাওয়ার কোনও প্রয়োজনই নেই। বাইরে যতই কথাবার্তা হোক না কেন, তাঁদের সম্পর্ক অটুট।
‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এর পর বড়পর্দায় আর দেখা যায়নি তাঁকে। তবে শোনা যাচ্ছে, এখন তিনি একাধিক নতুন চিত্রনাট্য পড়ছেন। হয়তো খুব শিগগিরই আবার অন্য এক চরিত্রে, অন্য এক গল্পে ফিরে আসবেন দর্শকদের সামনে।