পাকিস্তানে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ছবিটি দুই সপ্তাহে ২০ লক্ষের বেশি মানুষ অবৈধভাবে ডাউনলোড করেছেন। আইএসআই-এর নজরদারিও থামাতে পারেনি এই উন্মাদনা।

‘ধুরন্ধর’
শেষ আপডেট: 18 December 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ (Dhurandhar) নিয়ে সে দেশে উন্মাদনা তুঙ্গে। পাকিস্তান ও কিছু উপসাগরীয় দেশে ছবিটির প্রদর্শনী বন্ধ থাকলেও বক্স অফিসে তার কোনও প্রভাব পড়েনি। উল্টো সে দেশে সিনেমাটির পাইরেসি বা অবৈধ ডাউনলোড নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)।
১৯৯৯ সালের কান্দাহার বিমান হাইজ্যাক, ২৬/১১-র মুম্বই হামলা এবং লিয়ারি গ্যাং ওয়ারের প্রেক্ষাপটে তৈরি হওয়া আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে তোলপাড় পাকিস্তান। সিনেমাটি সে দেশে নিষিদ্ধ করা হলেও ডিজিটাল দুনিয়ায় নিয়ন্ত্রণ হারিয়েছে পাকিস্তান সরকার।
নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মাত্র দুই সপ্তাহে পাকিস্তানে ২০ লক্ষের বেশি মানুষ অবৈধভাবে এই সিনেমাটি ডাউনলোড করেছেন। পাকিস্তানে পাইরেসি বা অবৈধ ডাউনলোডের তালিকায় এটি এখন শীর্ষ স্থানে। এর আগে রজনীকান্তের ‘২.০’ এবং শাহরুখ খানের ‘রইস’ ছবির পাইরেসি রেকর্ডকেও এটি ছাপিয়ে গেছে। পাকিস্তানে মুক্তি না পাওয়ায় নির্মাতাদের প্রায় ৫০-৬০ কোটি টাকা লোকসান হলেও, ভারতের জন্য এটি একটি বড় ‘মনস্তাত্ত্বিক জয়’ হিসেবে দেখা হচ্ছে।
সিনেমাটিতে করাচির লিয়ারি এলাকাটিকে যেভাবে দেখানো হয়েছে, তা নিয়ে পাক প্রশাসন অত্যন্ত ক্ষুব্ধ। সিন্ধু প্রদেশের মন্ত্রী শারজিল ইনাম মেমন অভিযোগ করেছেন, এটি লিয়ারির সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে ভারতের নেতিবাচক অপপ্রচার। ভারতের এই বয়ান বা ‘ন্যারেটিভ’ রুখতে পাকিস্তান আগামী মাসেই ‘মেরা লিয়ারি’ (Mera Lyari) নামে একটি সিনেমা মুক্তি দিতে চলেছে, যাতে লিয়ারির ইতিবাচক দিক তুলে ধরা হবে।
আইএসআই ইন্টারনেটে কড়া নজরদারি চালালেও সিনেমাটির ছড়িয়ে পড়া আটকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানীরা ভিপিএন (VPN), টেলিগ্রাম চ্যানেল এবং বিভিন্ন অবৈধ স্ট্রিমিং সাইটের মাধ্যমে ছবিটি দেখছেন। আইএসআই ও আইএসপিআর (ISPR) সিনেমার ছোট ছোট ক্লিপ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে পাল্টা প্রচার চালানোর চেষ্টা করছে।
সিনেমায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি ব্যবহারের প্রতিবাদে করাচি আদালতে মামলা করেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তারা সিনেমার অভিনেতা ও কলাকুশলীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছে।
‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং একজন ভারতীয় এজেন্টের (হামজা) ভূমিকায় অভিনয় করেছেন, যিনি লিয়ারিতে ঢুকে আইএসআই সমর্থিত জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করেন। রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল এবং রাকেশ বেদি।