আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজ নিয়ে মানহানির মামলা। সমীর ওয়াংখেড়ের অভিযোগে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সকে সমন জারি করেছে দিল্লি হাইকোর্ট। শুনানি ৩০ অক্টোবর।

‘দ্য ব্যাডস অফ বলিউড’
শেষ আপডেট: 8 October 2025 14:01
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড' এবং প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের আইনি তরজা আরও একধাপ বাড়ল। সমীর ওয়াংখেড়ের দায়ের করা মানহানির মামলার ভিত্তিতে বুধবার দিল্লি হাইকোর্ট শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ় এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সকে সমন জারি করেছে।
আদালত জানিয়েছে, এই মামলার অন্তর্বর্তী শুনানি আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওয়াংখেড়ের অভিযোগ, আরিয়ান খান পরিচালিত এই সিরিজ়ে তাঁকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। এই মর্মে তিনি শাহরুখ, গৌরী এবং আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।
যদিও এর আগে হাইকোর্ট ওয়াংখেড়ের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই সময় এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি।
আরিয়ানের এই সিরিজে কোথাও সরাসরি সমীর ওয়াংখেড়ের নাম উল্লেখ করা হয়নি। তবে একটি NCB আধিকারিকের চরিত্র দেখানো হয়েছে, যা খানিকটা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপিত হয়েছে। নিন্দুকেরা মনে করছেন, এই চরিত্রের চেহারার সঙ্গে সমীর ওয়াংখেড়ের চেহারার মিল রয়েছে।
ওয়াংখেড়ে তাঁর আবেদনে আরও অভিযোগ করেন যে, সিরিজ়ে ওই চরিত্রটিকে 'সত্যমেব জয়তে' বলার পরে মধ্যমা আঙুল দেখাতে দেখা গেছে। তাঁর মতে, 'সত্যমেব জয়তে' দেশের জাতীয় প্রতীকের অংশ হওয়ায় এই দৃশ্যে ১৯৭১-এর 'জাতীয় সম্মানের প্রতি অবমাননা প্রতিরোধ আইন' লঙ্ঘিত হয়েছে।