দীপিকা পাড়ুকোন কলকাতায় এলেই শঙ্কর পণ্ডিতের ‘স্পেশাল ফুচকা’ খেতে ছুটে যান। শহরের বিখ্যাত ফুচকার স্বাদ তাঁর প্রিয়।

দীপিকা পাড়ুকোন
শেষ আপডেট: 14 August 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের পানিপুরির সঙ্গে পাল্লা দিলে জেতার মতো ক্ষমতা রাখে বাংলার ফুচকা। এ কথা শুধু বাঙালিই নয়, মুম্বই ও দিল্লির মানুষও স্বীকার করেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, সবাই একবাক্যে বলে দেন, ফুচকাই সেরা। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে অভিনেতা রাজকুমার রাওও স্বীকার করেছেন, স্ত্রী পত্রলেখা যদি তাঁকে কলকাতার ফুচকার স্বাদ না চাখাতেন, তবে জীবনের বড় আনন্দ থেকে বঞ্চিত হতেন তিনি।
তবে রাজকুমার রাও একা নন। বিদ্যা বালান, বরুণ ধাওয়ান, সারা আলি খান থেকে শ্রদ্ধা কাপুর—যখনই কলকাতায় আসেন, ফুচকা খাওয়াটা তাঁদের টু-ডু লিস্টে থাকে। কিন্তু এই লিস্টে এক ধাপ উপরে রয়েছেন দীপিকা পাড়ুকোন। কারণ, তিনি মুম্বইয়ে বসেই বুক করে রেখেছেন তাঁর প্রিয় ফুচকা বিক্রেতাকে!
কথাটা খুলে বললে, কলকাতার বিবেকানন্দ পার্ক বহুদিন ধরেই ফুচকার জন্য বিখ্যাত, শুধু শহরেই নয়, দেশজুড়েই। আর সেখানকার জনপ্রিয় বিক্রেতা শঙ্কর পণ্ডিতই হলেন দীপিকার পছন্দের সেই মানুষ। যত ব্যস্ততাই থাকুক, কলকাতায় এলেই তিনি ভিড় এড়িয়ে চুপিসারে গাড়ি নিয়ে পৌঁছে যান শঙ্করের কাছে।
কয়েক প্লেট ঝাল ও মিষ্টির মিশেলে বানানো শঙ্করের ‘স্পেশাল ফুচকা’ খেয়ে তবেই বাড়ি ফেরেন তিনি। শঙ্করের কথায়, দীপিকা যদি কয়েক ঘণ্টার জন্যও শহরে আসেন, তাঁর ফুচকা খাওয়া মিস করেন না।