দক্ষিণী ব্লকবাস্টার কল্কি ২৮৯৮ এডি-র সিক্যুয়েল থেকে থাকছেন না দীপিকা পাড়ুকোন। অপেশাদারিত্ব নয়, চিত্রনাট্য বদলের কারণেই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন
শেষ আপডেট: 19 September 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোনের নাম জড়াচ্ছে একের পর এক বিতর্কে। সদ্য নাগ অশ্বীনের মেগাবাজেট কল্কি ২৮৯৮ এডি ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়লেন অভিনেত্রী। শোনা যাচ্ছিল, ৮ ঘণ্টার শুটিং শিডিউল নিয়ে সমস্যা বা আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকানোর জেরেই এই সিদ্ধান্ত। কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, আসল কারণ একেবারেই অন্য।
প্রথম ছবিতে সুমতীর চরিত্রে দীপিকা দর্শকদের মনে গভীর দাগ কেটেছিলেন। গল্পে তাঁর গর্ভেই জন্ম নিচ্ছিল বিষ্ণুর দশম অবতার কল্কি, যে বাঁচাবে পৃথিবীকে। ঝুঁকিপূর্ণ দৃশ্যে দীপিকার অভিনয় ছিল শিহরণ জাগানো। অন্তঃসত্ত্বা চরিত্রে আগুনের উপর দিয়ে হাঁটার দৃশ্য একদিনেই ভাইরাল হয়ে গিয়েছিল, দর্শক থেকে সমালোচক—সকলেই ধন্য ধন্য করেছিলেন। কেউ তাঁর অভিনয়কে দ্রৌপদীর সঙ্গে তুলনা করেছেন, কেউ আবার পদ্মাবত-এর জওহর দৃশ্যের প্রতিধ্বনি খুঁজেছেন।
কিন্তু সিক্যুয়েলের ক্ষেত্রে চিত্রনাট্যের মোড় ঘুরে যায়। প্রাথমিকভাবে গল্প এগোনোর কথা ছিল দীপিকাকে ঘিরে, পরে তাঁকে জানানো হয় স্ক্রিন প্রেজেন্স নাকি কমিয়ে দেওয়া হবে। এমনকি নায়িকার ভূমিকাকে নেমে আনা হবে ক্যামিও পর্যায়ে। এই খবর পেতেই অভিনেত্রীর টিম হতভম্ব হয়ে যায়। দীপিকাও মনস্থির করেন, তিনি আর এই প্রকল্পে থাকছেন না। অর্থাৎ, তাঁকে বাদ দেওয়া হয়নি, বরং তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন।
প্রযোজনা সংস্থা এক্স-এ (পূর্বতন টুইটার) ঘোষণা করেছে, “প্রথম ছবিতে আমরা একসঙ্গে কাজ করলেও দ্বিতীয় পর্বে দীপিকার সঙ্গে আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। এমন প্রকল্পে দায়বদ্ধতা অত্যন্ত জরুরি।” স্বাভাবিকভাবেই সেই পোস্টে ফের ‘অপেশাদারিত্ব’-এর অভিযোগ তুলেছেন অনেকেই। তবে বাস্তবে পরিস্থিতি একেবারেই আলাদা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট থেকেও বাদ পড়েছিলেন দীপিকা। ফলে টানা দুটি বড় বাজেটের ছবি থেকে তাঁর প্রস্থান নতুন করে প্রশ্ন তুলেছে। তবে দর্শকদের কাছে হতাশার খবর একটাই, কল্কি-র দ্বিতীয় পর্বে আর দেখা যাবে না দীপিকা পাড়ুকোনকে।
তবে প্রথম ছবিতেই তিনি প্রমাণ করে গিয়েছেন, পুরুষতান্ত্রিক সিনেমাতেও কীভাবে নারীকেন্দ্রিক চরিত্র দাগ কাটতে পারে। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এ শাহরুখ খানের পাশে নিজের উপস্থিতি যেভাবে শক্তিশালী করেছিলেন, কল্কি-তেও তাঁর অভিনয় ছিল সমান ঝাঁঝালো। তাই সিক্যুয়েলে তাঁর অনুপস্থিতি দর্শকের মন খারাপ করবেই।