‘সাফল্য নয়, অভিজ্ঞতাই আসল’— ১৮ বছর আগে শাহরুখের শেখানো সেই পাঠেই বিশ্বাস রাখলেন দীপিকা। তাই আবারও হাত ধরাধরি করে ফিরছেন পর্দায়, ‘কিং’ ছবিতে।

শাহরুখ ও দীপিকা
শেষ আপডেট: 20 September 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: আখোঁ মে তেরি...
আজব সি আজব সি আদায়েঁ হ্যায়...
১৮ বছর আগে 'ওম শান্তি ওম'-এ বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দেখে দর্শক চোখ ফেরাতে পারেনি। দীপিকা-শাহরুখ জুটি মানেই পর্দায় ম্যাজিক। ‘ওম শান্তি ওম’ থেকে শুরু করে ‘হ্যাপি নিউ ইয়ার’—সবকিছুতেই এই জুটির রসায়ন ছিল নজরকাড়া। তারপরে এই জুটির একাধিক ছবি বক্স অফিস কাঁপিয়েছে। যদিও এখন বলিউডের গ্ল্যামার দুনিয়ায় চমক দিচ্ছেন দীপিকা। টানা দু’টি বিগ বাজেট ছবির আসন ছেড়ে দিলেন তিনি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ‘কল্কি 2898 এডি’-র সিক্যুয়েল। কিন্তু তাতে কোনও আক্ষেপ নেই অভিনেত্রীর। বরং তিনি বেছে নিলেন এমন এক যাত্রা, যেখানে তাঁর 'মানসিক শান্তি' সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আর তাই আবারও হাতে হাত রাখলেন 'কিং' শাহরুখের।
সম্প্রতি দীপিকা সোশ্যাল মিডিয়ায় শাহরুখের হাত ধরে একটি ছবি পোস্ট করে ঘোষণা করলেন, তাঁরা একসঙ্গে কাজ করছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়। এটি হবে তাঁদের ষষ্ঠ ছবি।
পোস্ট করে দীপিকা লিখেছেন, 'প্রায় ১৮ বছর আগে ওম শান্তি ওম ছবির শুটিংয়ের সময় ও আমাকে যে প্রথম শিক্ষা দিয়েছিল, তা হল— একটা সিনেমা বানানোর অভিজ্ঞতা আর যাঁদের সঙ্গে কাজ করছ, তাদের গুরুত্ব সাফল্যের চেয়ে অনেক বেশি। আমি সেই কথার সঙ্গে সম্পূর্ণ একমত, আর তারপর থেকে আমার প্রতিটি সিদ্ধান্তেই এই শিক্ষা কাজে লাগিয়েছি। হয়তো সেই কারণেই আজ আমরা আবার একসঙ্গে আমাদের ষষ্ঠ সিনেমা বানাচ্ছি?'
গত কয়েক মাস ধরে দীপিকার শুটিং শিডিউল ও পছন্দ নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। ‘স্পিরিট’ থেকে বেরিয়ে আসার পর সন্দীপ রেড্ডি ভাঙ্গা সরাসরি তাঁর নাম না করলেও অভিযোগ তোলেন— ‘কমবয়সী অভিনেতাদের অপমান’ এবং ‘গল্প ফাঁস’-এর মতো ঘটনায় তিনি বিরক্ত। ভক্তরা সহজেই আসল নামের সঙ্গে যোগসূত্র টেনে ফেলেছিলেন। তবে দীপিকা সেই সময় মুখ খোলেননি। শুধু এক ইভেন্টে তিনি জানান, “আমি জীবনে সবসময় সততা আর অথেনটিসিটির উপর ভরসা করি। কোনও জটিল পরিস্থিতিতে পড়লে আমি মনের কথা শুনি। সেই সিদ্ধান্তেই স্থির থাকি, যা আমাকে মানসিক শান্তি দেয়।”
এরপর বৈজয়ন্তী মুভিজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, ‘কল্কি 2898 এডি’-র সিক্যুয়েলে থাকছেন না দীপিকা। সংস্থার তরফে জানানো হয়, অভিনেত্রীর কাছ থেকে তারা আরও বেশি পেশাদারিত্ব আশা করেছিল। অথচ প্রথম ছবিতে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসানের সঙ্গে দীপিকার অভিনয় নজর কেড়েছিল, আর ছবিটি ১১০০ কোটিরও বেশি ব্যবসা করেছিল বিশ্বজুড়ে।
শাহরুখ-দীপিকার জুটি প্রথমবার দেখা গিয়েছিল ওম শান্তি ওম-এ। তারপর চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, পাঠান এবং জওয়ান— প্রতিবারই দর্শককে মুগ্ধ করেছে এই জুটি। এবার ‘কিং’-এ তাঁদের সঙ্গে থাকছেন সুহানা খান, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি-সহ আরও অনেকে। এর পাশাপাশি দীপিকা কাজ করছেন আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলির আসন্ন ছবি ‘AA22xA6’-এও।