অজয়–রাকুল–মাধবনের কমেডি-ড্রামা ‘দে দে প্যায়ার দে ২’ বক্স অফিসে চমৎকার শুরু!

‘দে দে প্যায়ার দে ২’
শেষ আপডেট: 16 November 2025 15:42
দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা অজয় দেবগন, রাকুল প্রীত সিং এবং আর. মাধবন অভিনীত ছবি 'দে দে প্যায়ার দে ২' দীর্ঘ প্রতীক্ষার পর গত ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।
সমালোচকদের থেকে ইতিবাচক রিভিউ পেলেও, ছবির ওপেনিং ডে বা শুক্রবারের সংগ্রহ ছিল ৮.৭৫ কোটি টাকা। তবে উইকেন্ডে ছবির আয় উল্লেখযোগ্যভাবে বাড়ে, শনিবার ছবিটি ১২.২৫ কোটি টাকা আয় করে। ফলে, মুক্তির প্রথম দুই দিনে ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২১ কোটি টাকায়।
ফিল্ম ট্রেডাররা আশা করছেন, রবিবার ছুটির দিনেও ছবিটি বেশ ভাল ব্যবসা করবে এবং প্রথম উইকেন্ডের সংগ্রহ আরও বাড়িয়ে তুলবে।
'দে দে প্যায়ার দে ২' ছবিতে কী আছে?
'দে দে প্যায়ার দে'-এর সিক্যুয়েল এই ছবিটি। আগের ছবিতে মধ্যবয়সী অজয় দেবগনের সঙ্গে তরুণী রাকুল প্রীতের প্রেম এবং তাঁর প্রথম পক্ষের স্ত্রী-সন্তানদের সঙ্গে রাকুলের সম্পর্ক নিয়ে নাটকীয়তা দেখা গিয়েছিল।
এবারের ছবিতে অজয়ের চরিত্রটি রাকুল প্রীতের বাবা-মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। এই ছবিতে রাকুল প্রীতের বাবার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আর. মাধবন। তিনি মেয়ের সঙ্গে অজয়ের বিয়ে আটকাতে নানা কৌশল অবলম্বন করবেন। এই টানাপোড়েন দর্শকদের হাসির খোরাক জোগাবে। ছবিটির গানগুলিও ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে।