দাদাসাহেব ফালকেকে নিয়ে রাজকুমার হিরানির বায়োপিকের শ্যুটিং ফের পিছোল। পুরনো চিত্রনাট্য বাতিল, নতুন স্ক্রিপ্টে কবে শুরু হবে আমির খানের ছবি?

রাজকুমার হিরানি ও আমির খান
শেষ আপডেট: 15 January 2026 12:29
দ্য ওয়াল ব্যুরো: গত বছরই ঘোষণা হয়েছিল, ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকেকে নিয়ে বায়োপিক আনতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা আমির খানের। তবে ঘোষণার পর দীর্ঘ সময় কেটে গেলেও ছবিটি নিয়ে তেমন কোনও অগ্রগতির খবর সামনে আসেনি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি এই ছবির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে?
এই প্রশ্নেরই আংশিক উত্তর মিলেছে সম্প্রতি। মিড-ডে-র একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, যে চিত্রনাট্য নিয়ে প্রথমে ছবিটি তৈরির পরিকল্পনা ছিল, সেটি বাতিল করা হয়েছে। বর্তমানে সম্পূর্ণ নতুন করে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, এই লেখার কাজ খুব দ্রুত শেষ হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাস থেকেই ছবির শ্যুটিং শুরু হতে পারে।
নতুন চিত্রনাট্যে আবেগ ও হাস্যরসের ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, দাদাসাহেব ফালকের চরিত্র যেন যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে পর্দায় তুলে ধরা যায়, সেই দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, ফেব্রুয়ারির মধ্যেই চিত্রনাট্যের খসড়া চূড়ান্ত হবে, এবং তার পরের মাস থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন অভিনেতারা।
আরও জানা গিয়েছে, আগের চিত্রনাট্যটি আমির খান ও রাজকুমার হিরানি দু’জনেই শুনেছিলেন, কিন্তু তাঁদের মনে হয়েছিল, সেটি বড়পর্দার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে হাস্যরসের অভাব থাকায় আমিরের সেই চিত্রনাট্য পছন্দ হয়নি। এরপরই তিনি হিরানিকে সম্পূর্ণ নতুন করে চিত্রনাট্য লেখার অনুরোধ করেন।
ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে, যিনি দাদাসাহেব ফালকে নামেই বেশি পরিচিত, ছিলেন ভারতীয় চলচ্চিত্রের পথিকৃৎ। ১৯১৩ সালে তিনি পরিচালনা করেন ‘রাজা হরিশচন্দ্র’, যা ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম হিসেবে স্বীকৃত। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লঙ্কা দহন’, ‘শ্রী কৃষ্ণ জন্ম’ এবং ‘কালিয়া মর্দন’।
আমির খানকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে আরএস প্রসন্ন পরিচালিত ‘সিতারে জমিন পার’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন নবাগত আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনসালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরন মঙ্গেশকর। পাশাপাশি ছবিতে ছিলেন জেনেলিয়া ডি’সুজা। দিব্য নিধি শর্মার লেখা গল্পে আমিরকে দেখা যায় একজন বাস্কেটবল কোচের চরিত্রে।