Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুক্তি পাচ্ছে না বিজয়ের শেষ ছবি! সেন্সরের নির্দেশ সত্ত্বেও ‘জন নয়াগন’ স্থগিতাদেশ আদালতের

থলপতি বিজয়ের শেষ ছবি ‘জন নয়াগন’ ঘিরে নাটকীয় মোড়।

মুক্তি পাচ্ছে না বিজয়ের শেষ ছবি! সেন্সরের নির্দেশ সত্ত্বেও ‘জন নয়াগন’ স্থগিতাদেশ আদালতের

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 January 2026 12:23

দ্য ওয়াল ব্যুরো: থলপতি বিজয়ের (Thalapathy Vijay) শেষ ছবি ‘জন নয়াগন’-এর (Jan Nayagan) মুক্তি ঘিরে আইনি টানাপোড়েন যেন পিছু ছাড়ছেই না। শুক্রবার এই ছবিকে কেন্দ্র করেই মাদ্রাজ হাই কোর্টে (Madras High Court) নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন সকালে দক্ষিণী সুপারস্টারের দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত সেন্সর বোর্ডকে ‘U/A’ শংসাপত্র (Film Censor Board) দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগী শিবিরে শুরু হয়ে যায় বিজয়োচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। একক বিচারকের রায় ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই ডিভিশন বেঞ্চ সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করে দেয়। ফলে আইনি জটিলতায় আপাতত বিশ বাঁও জলে থলপতি বিজয়ের বহু প্রতীক্ষিত ‘জন নয়াগন’-এর মুক্তি।

জানা গিয়েছে, প্রধান বিচারপতি মনীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং বিচারপতি জি অরুল মুরুগানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চটি বিজয়ের দায়ের করা মামলার শুনানির সময়ই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়। প্রশ্ন উঠতে শুরু করে, সেন্সর বোর্ডকে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়ার এত অল্প সময়ের মধ্যেই কেন ফের রায় বদল? দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রযোজনা সংস্থার দায়ের করা মামলার নথি খতিয়ে দেখে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, সেন্সর বোর্ডকে সার্টিফিকেট দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি।

এই প্রসঙ্গে বিজয় পক্ষকেও কড়া ভাষায় ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। তাঁর মন্তব্য, “একটি কৃত্রিম জরুরি পরিস্থিতি তৈরি করে আদালতের উপর আদেশ দেওয়ার চাপ সৃষ্টি করা যায় না। সেন্সরের কোনও সার্টিফিকেট ছাড়াই কীভাবে সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল?”

আগেই ঘোষণা করা হয়েছিল, ৯ জানুয়ারি মুক্তি পাবে থলপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’। কিন্তু বুধবার আচমকাই খবর আসে, শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে না। সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় নির্মাতারা মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হন। আদালত নির্দেশ দেয়, ছবি খতিয়ে দেখার জন্য একটি নতুন কমিটি গঠন করতে হবে। সেই নির্দেশের পরই স্পষ্ট হয়ে যায়, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে ‘জন নয়াগন’-এর মুক্তি।

এদিকে এই বিলম্বের নেপথ্যে শুধুই আইনি কারণ নয়, রাজনৈতিক সমীকরণের ছায়াও দেখছেন ওয়াকিবহাল মহল। বিশ্লেষকদের মতে, সামনেই তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষিতে বিজয়ের দল টিভিকে-র সঙ্গে কংগ্রেসের সম্ভাব্য জোট নিয়ে জোর আলোচনা চলছে। রাহুল গান্ধীর সঙ্গে তামিল সুপারস্টারের ব্যক্তিগত ঘনিষ্ঠতার কথাও নতুন নয়, আর শোনা যাচ্ছে, জোটের বিষয়ে বিজয় ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন। অন্যদিকে বিজেপিও নাকি থলপতিকে জোটে টানার চেষ্টা করেছিল, যদিও রাজনৈতিক মহলের মতে সেই সম্ভাবনা কার্যত নেই।

এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, বিজেপিকে দূরে রেখে কংগ্রেসের দিকে ঝোঁকার মাশুল কি দিতে হচ্ছে বিজয়কে? কারণ এর আগেই পদপিষ্টের ঘটনায় সিবিআই তলব, আর এবার শেষ ছবির মুক্তিতে বাধা। সব মিলিয়ে ‘জন নয়াগন’-এর ভবিষ্যৎ শুধু আইনি জটিলতায় নয়, জটিল রাজনৈতিক অঙ্কেও জড়িয়ে পড়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। 


```