সূত্রের খবর, রবিবার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। শ্যুটিংয়ের পর সেখানেই সমুদ্রে নামেন তিনি। তারপরই সব শেষ...

শেষ আপডেট: 29 March 2026 23:07
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় বড় অঘটন। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee News)। সূত্রের খবর, রবিবার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। শ্যুটিংয়ের পর সেখানেই সমুদ্রে নামেন তিনি। আচমকা তলিয়ে যান স্নান করার সময়। প্রাথমিক ভাবে জানা গেছে, টেকনিশিয়ানরাই উদ্ধার করেন অভিনেতাকে। তবে শেষ রক্ষা হয়নি। তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু (Rahul Arunoday Banerjee died) হয়েছে । দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা।
শ্যুটিংয়ের সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় দিনভরই একসঙ্গে ছিলেন। 'দ্য ওয়াল'কে তিনি বলেন, "আমরা এক সঙ্গেই শ্যুটিং করছিলাম তালসারিতে। দুপুর তিনটে নাগাদ আমাদের প্যাকআপ হয়ে যায়। আমি, অম্বরীশ আমরা সবাই একসঙ্গে ছিলাম। সকাল থেকে শ্যুটিং শেষ করে, অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় বলেন, প্যাকআপের পর হোটেলে গিয়ে লাঞ্চ করে কলকাতার উদ্দেশে রওনা দিই গাড়ি করে। অম্বরীশদের গাড়িটা আগে ছিল, আমারটা পিছনে। মাঝপথে এসে খবর পেলাম, রাহুলের অ্যাকসিডেন্ট হয়েছে, জলে পড়ে গেছে। ভাবলাম ঠিক আছে, সবাই টেক কেয়ার করবে। আধঘণ্টা পর ফোন এল, রাহুল মারা গেছে! আমরা তখন ভাবছিলাম গাড়ি ঘোরাব কিনা, কিন্তু গিয়েও তো লাভ নেই, পোস্টমর্টেম ইত্যাদি হবে।"
দ্য ওয়ালের তরফে তাঁর কাছে এ-ও জানতে চাওয়া হয়, রাহুল সেই সময় মদ্যপান করেছিলেন কিনা। অভিনেতা এককথায় উড়িয়ে দিয়ে বলেন, "প্রশ্নই ওঠে না। আমরা সকাল থেকে একসঙ্গে শ্যুট করেছি, কোনও অসঙ্গতির জায়গাই ছিল না।"
আর এক সহ-অভিনেতা সোমাশ্রী চাকীও দুঃসংবাদ পেয়ে স্তম্ভিত! রবিবার দুপুর পর্যন্ত রাহুলের সঙ্গেই শ্যুটিং করেন তিনিও। তারপর তিনটের সময় প্যাকআপ হলে কলকাতায় ফিরবেন বলে রওনা দেন। তাঁর কথায়, "আমাদের প্যাক আপ হয়ে গেছিল, রওনা দিয়ে দিয়েছিলাম কলকাতার দিকে। দু'ঘণ্টা আগেই রাহুলের সঙ্গে একসঙ্গে শ্যুট করেছি। সি বিচে শ্যুট ছিল, জলে নামার ব্যাপার ছিল না। সব সেরে আমরা যখন কলকাতার পথে, তখন খবর পেলাম ফোনে, রাহুল জলে নেমে জলে তলিয়ে গেছে। মারা গেছে। আসার আগেও আমরা একসঙ্গে ভিডিও করেছি, ছবি তুলেছি। যেহেতু আমরা চলে আসছিলাম, ওরা কাল ফিরবে, তাই রাহুল আমাদের কথায় কথায় বলল, 'তোমাদের সঙ্গে হয়তো আর দেখা হবে না।' ...এই কথাটা যে এত বড় সত্যি হয়ে যাবে, কী করে বুঝব!"
খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী নবনীতা দাস। দ্য ওয়ালকে বললেন, "ভাবতেই পারছি না কী শুনলাম। গত ১৫ মিনিট ধরে ভেবে গেলাম ভুল খবর। কেউ এসে বলে যাক আমায় এটা সত্যি নয়। আমার দাদার মতো ছিলেন, শ্রদ্ধা করতাম। এটা কী ঘটে গেল?"
জানা যাচ্ছে, আজ দুপুরে শ্যুটিং প্যাকআপ হওয়ার পর অভিনেতাদের প্রায় গোটা টিমই লাঞ্চ সেরে কলকাতার উদ্দেশে রওনা হয়। অভিনেতাদের মধ্যে থেকে গেছিলেন একা রাহুলই। এছাড়া টেকনিশিয়ানরাও ছিলেন তালসারিতে।
সূত্রের খবর, হাঁটু জলে নেমে ছিলেন তিনি। তারপরই ঘটে অঘটন। টেকনিশিয়ান যুবকরাই সেই সময় জলে নেমে প্রায় এক-দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে উদ্ধার করেন রাহুলকে। খবর দেওয়া হয় তালসারি থানায়। কিন্তু ততক্ষণে সব শেষ, জানিয়ে দেয় পুলিশ। এরপরই দিঘার হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে, চিকিৎসকরাও তাঁকে মৃত বলে ঘোষণা করেন।