এই এ ছবি সম্পূর্ণ ভিন্ন ধারার। বুধবার সন্ধ্যায় এই ছবিকে কেন্দ্র করে সেজে উঠবে নন্দন চত্বর। নাম- লক্ষ্মী এলো ঘরে। স্বল্প দৈর্ঘ্যের এই প্রজেক্টে বাংলায় চালু থাকা লক্ষ্মীশ্রী ও কন্যাশ্রী-সহ বিভিন্ন সরকারি প্রকল্প সমাজে কী প্রভাব ফেলেছে, সেই বাস্তব প্রেক্ষাপট তুলে ধরবে।

শেষ আপডেট: 14 January 2026 14:26
দ্য ওয়াল ব্যুরো: রাজ চক্রবর্তীর পরিচালনায় আবারও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ–শুভশ্রীর জুটি যতবার একসঙ্গে কাজ করেছেন, ততবারই টলিউডে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। ‘চ্যালেঞ্জ’ ছবিতে দেব–শুভশ্রীকে প্রথম বড়পর্দায় এনে দর্শকের নজর কাড়েন রাজ। বিয়ের পর ‘পরিণীতা’ ছবিতে শুভশ্রীকে যেভাবে উপস্থাপন করেছিলেন তিনি, তা আজও দর্শকের মনে দাগ কেটে রয়েছে।
এই এ ছবি সম্পূর্ণ ভিন্ন ধারার। বুধবার সন্ধ্যায় এই ছবিকে কেন্দ্র করে সেজে উঠবে নন্দন চত্বর। নাম- লক্ষ্মী এলো ঘরে। স্বল্প দৈর্ঘ্যের এই প্রজেক্টে বাংলায় চালু থাকা লক্ষ্মীশ্রী ও কন্যাশ্রী-সহ বিভিন্ন সরকারি প্রকল্প সমাজে কী প্রভাব ফেলেছে, সেই বাস্তব প্রেক্ষাপট তুলে ধরবে। ছবিতে শুভশ্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অঙ্কুশ হাজরা।
অঙ্কুশ ও রাজ চক্রবর্তীর পেশাগত সম্পর্ক দীর্ঘদিনের। কানামাছি’ ও ‘বলো দুগ্গা মাঈকী’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ব্যক্তিগত জীবনেও রাজ-শুভশ্রীর সঙ্গে অঙ্কুশের বন্ধুত্ব যথেষ্ট ঘনিষ্ঠ। এই ছবিতে নায়ক-নায়িকার সঙ্গে টলিপাড়ার আরও দুই পরিচিত মুখকে দেখা যাবে।
রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকেও ছবিটি তাৎপর্যপূর্ণ। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এই ছবি তৃণমূল কংগ্রেসের পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখতে পারে বলেই অনুমান। যদিও অঙ্কুশ আগেই স্পষ্ট করেছেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই। একই ভাবে শুভশ্রীও জানিয়েছেন, ভোটে লড়ার কোনও পরিকল্পনা আপাতত নেই তাঁর।
বর্তমানে রাজ চক্রবর্তী রাজ্যের শাসক দলের বিধায়ক। পাশাপাশি একাধিক দায়িত্ব পালনে বছরভর ব্যস্ত থাকেন রাজ। তার মাঝেই রমরমিয়ে চলছে তাঁর ছবির কাজ। তবে এই ছবির খবর এতদিন চাপাই ছিল।
১৪ জানুয়ারি, নন্দনে ছবিটির মুক্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে টলিউডের একাধিক পরিচিত মুখ উপস্থিত থাকবেন বলেই খবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।