পরিবর্তনগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের সিকোয়েন্স থেকে ৩২ সেকেন্ডের সংলাপ ও দৃশ্য কেটে দেওয়া। এছাড়া মোট ৭৭ সেকেন্ডের ফুটেজ বাদ দিতে হয়েছে।

শেষ আপডেট: 26 September 2025 13:04
দ্য ওয়াল ব্যুরো: সেন্সরের একাধিক কাঁচির পর অবশেষে মুক্তির ছাড়পত্র পেল নীরজ ঘাইওয়ান পরিচালিত ছবি ‘হোমবাউন্ড’। ধর্মা প্রযোজনা সংস্থার এই ছবিতে অভিনয় করেছেন ইশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুর। আজ অর্থাৎ ২৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। শুধু তাই নয়, ইতিমধ্যেই ছবিটি এ বছরের ভারতের সরকারি অস্কার এন্ট্রি হিসেবেও নির্বাচিত হয়েছে।
সেন্সর বোর্ডের পরীক্ষক কমিটি (ইসি) ছবির একাধিক দৃশ্য নিয়ে আপত্তি তোলে। পরে রিভাইজিং কমিটি (আরসি) ছবিটিকে ছাড়পত্র দেয়। তবে তার আগে মোট ১১টি সংশোধন করতে হয়েছে নির্মাতাদের। শেষমেশ ১২ সেপ্টেম্বর ছবিটিকে ইউ/এ ১৬+ সার্টিফিকেট দেওয়া হয়।

পরিবর্তনগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের সিকোয়েন্স থেকে ৩২ সেকেন্ডের সংলাপ ও দৃশ্য কেটে দেওয়া। এছাড়া মোট ৭৭ সেকেন্ডের ফুটেজ বাদ দিতে হয়েছে। ছ’টি জায়গায় সংলাপ মিউট বা বদলানো হয়েছে। কেটে দেওয়া হয়েছে পাঁচ সেকেন্ডের সংলাপ— “আলু গোবি খাতে হ্যায়”। সরানো হয়েছে পূজা করতে থাকা এক ব্যক্তির দুই সেকেন্ডের ভিজ্যুয়ালও। ২১ মিনিটের মাথায় থাকা একটি সংলাপ মিউট করে অন্য শট বসানো হয়েছে। বাদ দেওয়া হয়েছে ‘জ্ঞান’ শব্দটিও।
এছাড়া আরও কিছু সংলাপ মিউট করা হয়েছে, কয়েকটি শট ১৬ ও ২০ সেকেন্ড করে ছোট করা হয়েছে, এবং একটি চলন্ত গাড়ির ভিজ্যুয়াল পরিবর্তন করা হয়েছে সেন্সরের নির্দেশে। সবশেষে ছবির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১২২ মিনিট (২ ঘণ্টা ২ মিনিট)।
তবু, সমস্ত কাটছাঁট শেষে আন্তর্জাতিক মঞ্চের জন্য নির্বাচিত হওয়ায় ছবির প্রতি প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। এ দিন দেশে মুক্তি পেয়েছে ছবিটি। দর্শকদের কেমন লাগে এখন সেটাই দেখার।