
শেষ আপডেট: 17 July 2022 09:08
দ্য ওয়াল ব্যুরো: চারবছর পর ব্যোমকেশ নিয়ে বড়পর্দায় ফিরছেন অরিন্দম শীল। সিনেমার শ্যুটিংয়ের খবর প্রকাশ্যে আসতেই ক্রমশ উত্তেজনার পারদ চড়ছিল ব্যোমকেশ অনুরাগীদের মধ্যে। অবশেষে আজ প্রকাশ্যে এল 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-এর (Byomkesh Hotyamancha) টিজার। ঘোষনা হয়ে গেছে ছবি মুক্তির দিনও। আগামী ১১ অগস্ট প্রেক্ষাগৃহে আসছে এসভিএফ এবং ক্যামেলিয়া প্রোডাকশনের এই সিনেমা।
এই ছবির মাধ্যমেই আবার ব্যোমকেশ (Byomkesh Hotyamancha) রূপে পর্দায় হাজির হচ্ছেন আবির চট্টোপাধ্যায়। তাঁর স্ত্রী সত্যবতীর ভূমিকায় থাকছেন সোহিনী সরকারই। তবে এবার ফের বদলে গেছেন ব্যোমকেশের বন্ধু কাম সহকারী অজিত। শেষ ব্যোমকেশে এই চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল। এবার তাঁর বদলে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে। এর পাশাপাশি এই প্রথমবার ব্যোমকেশের ছবিতে দেখা যাবে পাওলি দামকে। এছাড়াও, অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিঞ্জল নন্দ, অনুষা বিশ্বনাথন, অর্ণ মুখোপাধ্যায়রা।
মীনাক্ষী মুখোপাধ্যায় অতীত, ‘দুর্নিবার’ আকর্ষণে ধরা দিলেন কে!
জানা গেছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শেষ ব্যোমকেশ এবং অসমাপ্ত গল্প 'বিশুপাল বধ' অবলম্বনেই তৈরি হয়েছে এই ছবি। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’-এর (Byomkesh Hotyamancha) টিজারেই মিলেছে রহস্যের গন্ধ এবং মঞ্চে হত্যার ঝলক। আর সেই হত্যা এবং রহস্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যের সন্ধানেই হাজির হবেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী! ১ মিনিট ৭ সেকেন্ডের এই টিজারে রহস্য এবং রোমাঞ্চ ভরপুর, যা দর্শকদের গায়ে কাঁটা দিতে বাধ্য করবে।
ব্যোমকেশের গল্প অনুযায়ী, ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছিল উপন্যাসটি। একটি নাটকের মঞ্চ থেকেই গল্পের শুরু। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। আর সেই খুনের নেপথ্যে কী লুকিয়ে রয়েছে? সেই সত্য উদ্ধার করতেই রহস্যের গভীরে প্রবেশ করে ব্যোমকেশ। তাঁর চেষ্টাতেই একে একে পুরো বিষয়টা প্রকাশ্যে আসে। কীভাবে রহস্যের ভেতরে ঢুকে তার সমাধান করে ব্যোমকেশ, তা নিয়েই উপন্যাসটি রচিত। এবার বইয়ের পাতা থেকে যা উঠে আসছে সিনেমার পর্দায়।