‘বানসারা’ ছবির শুটিং ফ্লোরে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে গুরুতর আহত হলেন অভিনেতা বনি সেনগুপ্ত। গোড়ালিতে চোট পেলেও শুটিং শেষ করেন তিনি। ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে বনিকে।

বনি সেনগুপ্ত
শেষ আপডেট: 23 October 2025 22:14
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক আতিউল ইসলামের ছবি 'বানসারা'-র শেষ পর্বের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। কিন্তু শেষ দিনের শুটিংয়েই ঘটল বিপত্তি। কলকাতার একটি গোডাউনে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে আহত হলেন অভিনেতা।
জানা গিয়েছে, অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎই অভিনেতা পায়ে চোট পান। তাঁর গোড়ালির বেশ কিছুটা অংশ কেটে যায় এবং রক্ত বেরতে থাকে। ঘটনার সঙ্গে সঙ্গেই প্রোডাকশন টিমের কর্মীরা তড়িঘড়ি অ্যান্টিসেপটিক ওষুধ নিয়ে এসে বনির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অভিনেতা আহত হলেও, পরিচালক এবং সহকর্মীদের তত্ত্বাবধানে এরপরও শুটিং চালিয়ে যান বনি।
নিজের চোট প্রসঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত জানান, "এই ছবির জন্য আমাকে দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করতে হয়েছে, চুল কেটে ছোটো করতে হয়েছে। চরিত্রটির মধ্যে অনেক স্তর আছে, যা দর্শকদের চমক দেবে। শুটিংয়ের দিন অ্যাকশন দৃশ্যের সময় হঠাৎ পায়ের গোড়ালিতে চোট পাই, রক্তে পা লাল হয়ে যায়। তবে দর্শকদের ভাল চরিত্র উপহার দিতে গেলে একজন অভিনেতার কাছে এই চোট কিছুই মনে হয় না। এখন আপাতত ভাল আছি।"
পরিচালক আতিউল ইসলাম জানান, "এই মুহূর্তে সুস্থ আছেন বনি। প্রযোজনা সংস্থা তৎপরতার সঙ্গে অভিনেতার প্রাথমিক চিকিৎসা করায় কোনও অসুবিধা হয়নি।"
এই ছবিতে বনির চরিত্রের নাম 'অজিতেশ', যিনি একজন পুলিশ অফিসার। ছবির কাহিনি গড়ে উঠেছে পুরুলিয়ার ঘন জঙ্গলে ঘেরা 'বানসারা' নামে এক গ্রামকে ঘিরে। গ্রামের বনদেবীর নাম অনুসারে গ্রামের নাম হয়েছে। গ্রামবাসীদের বিশ্বাস, এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেন।
ছবিতে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে দেখা যাবে 'বড়োমা' বা গৌরীকা দেবীর চরিত্রে। তিনি গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে এবং বনদেবীর ইচ্ছে ও আদেশ তিনিই গ্রামের সবার কাছে পৌঁছে দেন। গ্রামের সমস্ত ভাল-মন্দ তাঁর কথাতেই ঠিক হয়।
এই রহস্যময় গ্রামে পুলিশ অফিসার অজিতেশের আগমনের পর সে 'বড়োমা'-র কোন সত্যি খুঁজে বের করে, সেটাই ছবির মূল আকর্ষণ। ছবির প্রয়োজনে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় শুটিং সেট তৈরি করে কাজ করা হয়েছে। সেখানে চল্লিশ ফুট উঁচু দেবীর মূর্তিও তৈরি করা হয়েছিল।