রাজেশ খান্নার সঙ্গে সম্পর্ককে বিবাহ হিসেবে স্বীকৃতি দেওয়ার অনিতা আডবাণীর আবেদন খারিজ করল বম্বে হাই কোর্ট।
.jpeg.webp)
রাজেশ খান্না, অনিতা আডবাণী
শেষ আপডেট: 1 April 2026 19:17
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত বলিউড অভিনেতা রাজেশ খান্নার (Rajesh Khanna) সঙ্গে অনিতা আডবাণীর (Anita Advani) সম্পর্ককে ‘বিবাহ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আর্জি খারিজ করে দিল বম্বে হাই কোর্ট। বুধবার বিচারপতি শর্মিলা দেশমুখের একক বেঞ্চ এই আবেদন নাকচ করে দেয়। এর ফলে ২০১৭ সালে মুম্বইয়ের নগর দায়রা আদালতের দেওয়া আগের রায়ই বহাল থাকল। যদিও মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি এখনও প্রকাশ্যে আসেনি।
২০১৭ সালে মুম্বইয়ের নগর দায়রা আদালত অনিতা আডবাণীর আবেদন খারিজ করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন। তবে উচ্চ আদালতও নিম্ন আদালতের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি এবং আগের রায়ই বহাল রাখে।
অনিতা আডবাণীর দাবি ছিল, রাজেশ খান্নার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং ২০১২ সালে অভিনেতার মৃত্যুর আগ পর্যন্ত তাঁরা একসঙ্গেই বসবাস করতেন। তাঁর অভিযোগ, সিঁদুর পরিয়ে তাঁকে বিয়ে করেছিলেন রাজেশ খান্না এবং তাঁদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতোই ছিল।
রাজেশ খান্নার মৃত্যুর পর ‘আশীর্বাদ’ বাংলো থেকে তাঁকে জোর করে বের করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তোলেন অনিতা। এই ঘটনার পর তিনি ‘প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, ২০০৫’-এর আওতায় ডিম্পল কাপাডিয়া এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন।
তবে ২০১৫ সালে বম্বে হাই কোর্টের একটি পৃথক বেঞ্চ সেই মামলাটিও খারিজ করে দেয়। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অনিতা আডবাণী ও রাজেশ খান্নার সম্পর্ক আইনের চোখে বিবাহ হিসেবে স্বীকৃত নয়।
সব মিলিয়ে, দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ে ফের একবার ধাক্কা খেলেন অনিতা আডবাণী। উচ্চ আদালতের এই রায়ের পর রাজেশ খান্নার সঙ্গে তাঁর সম্পর্ককে বিবাহ হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল।