সংস্থার তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে মিডিয়ায় ও জনচর্চায় বারবার ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে শুধুমাত্র লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা পুরোপুরি সঠিক নয়।

শেষ আপডেট: 1 April 2026 18:25
দ্য ওয়াল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee Death) মৃত্যুকে ঘিরে চলতে থাকা বিতর্কের মাঝেই নতুন করে শিরোনামে উঠে এল প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স (Magic Moments Motion Pictures)-এর বিবৃতি। এই বিবৃতির একটি গুরুত্বপূর্ণ অংশে উঠে আসে ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ। সেখানে স্পষ্ট উল্লেখ থাকে, তদন্তের প্রয়োজনে নিজের পদ থেকেও সরে দাঁড়াতে প্রস্তুত লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)।
সংস্থার তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে মিডিয়ায় ও জনচর্চায় বারবার ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে শুধুমাত্র লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা পুরোপুরি সঠিক নয়। তারা স্পষ্ট করেছে, ২০১০ সাল থেকে লীনা সংস্থার সঙ্গে যুক্ত থাকলেও তিনি মূলত লেখক ও ক্রিয়েটিভ হেড হিসেবেই কাজ করেছেন। ২০১১ সালে বোর্ডে যোগ দিলেও তিনি কখনও প্রোমোটার বা অপারেশনাল এক্সিকিউটিভের ভূমিকায় ছিলেন না। সাম্প্রতিক সময়ে তাঁকে সামান্য ইকুইটি ও কো-প্রোডিউসারের ক্রেডিট দেওয়া হলেও, তাঁর ভূমিকা বরাবরই সৃজনশীল ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল বলে দাবি সংস্থার।
এই ব্যাখ্যার পাশাপাশি আরও বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে প্রযোজনা সংস্থা। বর্তমানে পশ্চিমবঙ্গ মহিলা কমিশন (West Bengal Women’s Commission)-এর চেয়ারপার্সন পদে রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। সেই অবস্থান থেকেই অনেকের মধ্যে পক্ষপাতের আশঙ্কা তৈরি হতে পারে, এই বিষয়টি মাথায় রেখেই তিনি প্রয়োজনে চেয়ারপার্সনের পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত বলে জানানো হয়েছে বিবৃতিতে। উদ্দেশ্য একটাই—রাহুলের মৃত্যুর তদন্ত যাতে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছভাবে হয়।
এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। কারণ, রাহুলের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে—শুটিং সেটের নিরাপত্তা, দুর্ঘটনার প্রকৃতি, চিকিৎসায় বিলম্ব—সব কিছু নিয়েই চলছে জোর চর্চা। সেই প্রেক্ষাপটে কোনও রকম প্রভাব বা পক্ষপাতের অভিযোগ এড়াতে আগাম এই বিষয়টি জানিয়ে রাখতে চেয়েছে সংস্থা।
উল্লেখ্য, শুটিং চলাকালীন দুর্ঘটনায় প্রাণ হারান জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee)। তাঁর মৃত্যুর তদন্ত এখন পুলিশের হাতে, আর ইতিমধ্যেই পরিবারও আইনি পদক্ষেপ করেছে। এই পরিস্থিতিতে প্রযোজনা সংস্থার তরফে এমন অবস্থান—বিশেষ করে লীনা গঙ্গোপাধ্যায়ের পদত্যাগে প্রস্তুতির ইঙ্গিত—তদন্তের ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন অনেকেই।
রাহুলের মৃত্যুর তিন দিন পর মুখ খুলল প্রযোজনা সংস্থা। সেখানে একের পর এক বিষয় আলোকপাত করল তারা। রবিবার তালসারি সৈকতে ঠিক কী ঘটেছিল, তারও কিছুটা ছবি পরিস্কার হল সাধারণের কাছে।