অভিনেত্রীকে ক্যারাভ্যানে ডেকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার প্রখ্যাত পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণন।

রঞ্জিত বালাকৃষ্ণন
শেষ আপডেট: 1 April 2026 18:26
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী চলচ্চিত্র জগতের পরিচিত পরিচালক-প্রযোজক (Malayalam Director) রঞ্জিত বালাকৃষ্ণনকে (Ranjith Balakrishnan arrest) যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এক তরুণী অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনায় মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিনেত্রী কোচি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, একটি ছবির শুটিং চলাকালীন তাঁকে একটি ক্যারাভ্যানে ডেকে নিয়ে গিয়ে শারীরিক হেনস্তার চেষ্টা করা হয়। ঘটনার পরই তিনি পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তের প্রাথমিক পর্যায়ে অভিযোগের ভিত্তি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হয়। পরে ইডুক্কি জেলার থোডুপুঝা এলাকায় একটি কর্মসূচিতে যাওয়ার পথে গোপন অভিযানে রঞ্জিতকে আটক করা হয়। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে কোচি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
পরবর্তীতে রঞ্জিতকে আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। জানা গিয়েছে, তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে এবং বর্তমানে তিনি এর্নাকুলাম সাব জেলে রয়েছেন।
এই ঘটনাকে ঘিরে মালয়ালম চলচ্চিত্র জগতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং যৌন হেনস্তা রোধের বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। যদিও অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেননি রঞ্জিত বালাকৃষ্ণন। তবে তাঁর আইনজীবীর দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং আইনি লড়াইয়ের মাধ্যমে সত্য সামনে আনা হবে।