চিত্রনাট্য অনুযায়ী এটি ছিল মোটে দু' মিনিটের দৃশ্য, কিন্তু এই খানিক্ষণের সংলাপেই গোটা সেট হাসিতে ফেটে পড়েছিল।

কালজয়ী ছবি শোলে-তে আসরানি
শেষ আপডেট: 21 October 2025 00:02
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কিংবদন্তি অভিনেতা আসরানি প্রয়াত (Bollywood actor Asrani passed away)। বয়স হয়েছিল ৮৪। দীর্ঘ অসুস্থতার পর রবিবার রাতে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবাদপ্রতিম কৌতুক অভিনেতা (comedy actor Asrani)। তাঁর মৃত্যুতে স্তব্ধ চলচ্চিত্র জগৎ— এক যুগের হাসি থেমে গেল।
জয়পুরে জন্ম, সেই শহরেই বেড়ে ওঠা। সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রাক্তনী আসরানি শুরু করেছিলেন নাট্যচর্চা দিয়ে, পরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ১৯৬০-এর দশকে। তারপর প্রায় পাঁচ দশক জুড়ে একের পর এক সিনেমায় তিনি গড়ে তুলেছেন এমন সব চরিত্র, যেগুলো ভারতীয় সিনেমায় হাসির এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে চিরকাল।
তবু যদি একটি সংলাপকে বেছে নিতে হয় যা আসরানিকে বিশেষ ভাবে পরিচয় দিয়েছে, তবে তা নিঃসন্দেহে — “হাম আংরেজোঁ কে জমানে কে জেলর হ্যায়!” রমেশ সিপ্পির কালজয়ী ছবি শোলে (১৯৭৫)-তে এই সংলাপ বলেছিলেন তিনি ব্রিটিশ আমলের এক আজব জেলর সেজে। আর সেই এক সংলাপেই ইতিহাস গড়েছিলেন আসরানি (Asrani in Sholay)।
তাঁর চোখ ঘোরা, গোঁফ পাকানো, অদ্ভুত উচ্চারণে ইংরেজি টান— যেন অতিরঞ্জনের নিখুঁত হাস্যরস। পরিচালক রমেশ সিপ্পি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আসরানি প্রতিদিন নতুন কিছু নিয়ে সেটে আসতেন— কখনও নতুন ভঙ্গি, কখনও সংলাপের ছন্দ। একটা ছোট ভূমিকা তিনি অমর করে দিলেন।”

চিত্রনাট্য অনুযায়ী এটি ছিল মোটে দু' মিনিটের দৃশ্য, কিন্তু এই খানিক্ষণের সংলাপেই গোটা সেট হাসিতে ফেটে পড়েছিল। সেই মুহূর্তেই পরিচালক ঠিক করেন— এই সংলাপ থাকবে ছবির অন্যতম আকর্ষণ হিসেবে।
শোলে-র সেই এক লাইন তাঁকে পৌঁছে দিয়েছিল চিরস্থায়ী খ্যাতিতে। পরে চুপকে চুপকে, গোলমাল, আজ কি তাজা খবর— প্রত্যেক ছবিতেই তিনি দেখিয়েছেন, কৌতুক অভিনয় মানেই সহজসাধ্য কিছু নয়। তাঁর অভিনয় প্রমাণ করেছিল, হাসির মধ্যেও থাকতে পারে গভীর বোধ, শৈল্পিক নিয়ন্ত্রণ আর মানবিক স্পর্শ।
আসরানির সহ-অভিনেতারা বারবার বলেছেন— তিনি ছিলেন এক ‘স্টোরিটেলার’, যিনি হাসির আড়ালে সমাজের রঙিন পাগলামিগুলোকে ধরতেন মায়াভরা চোখে। তাঁর অভিনয় বুঝিয়ে দিত, ভারত যেন নিজের উপরে হাসতে পারে, রাগ নয়— মমতায়।
আজ তাঁর বিদায়ের সঙ্গে শেষ হল এক অনন্য অধ্যায়। কিন্তু তাঁর কণ্ঠস্বর, তাঁর সংলাপ, আর সেই বিখ্যাত ভঙ্গি— এখনও যেন ভেসে আসে পর্দা পেরিয়ে।
“হাম আংরেজোঁ কে জামানে কে জেলর হ্যায়!” — এখন আর কেবল সংলাপ নয়, ভারতীয় সিনেমার হাসির ইতিহাসে অমর প্রতিধ্বনি হয়ে রইল।