দক্ষিণ ভারতীয় রীতিনীতি মেনে দিশা বিবাহবন্ধনে আবদ্ধ হন তামিলনাড়ুর আইনজীবী সুদর্শন এম জে-র সঙ্গে। তবে এই বিয়ের মূল আকর্ষণ ছিল অতিথি তালিকা।

শেষ আপডেট: 5 April 2026 18:26
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে এক জমকালো সন্ধ্যায় এক মঞ্চে মিলল বলিউড, রাজনীতি ও আধ্যাত্মিক জগতের প্রভাবশালী মুখগুলি। বিশিষ্ট সাংবাদিক রজত শর্মা (Rajat Sharma)-র কন্যা দিশার বিয়ের আসর পরিণত হয় এক বিরল তারকাসমাগমে, যার ঝলক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
দক্ষিণ ভারতীয় রীতিনীতি মেনে দিশা বিবাহবন্ধনে আবদ্ধ হন তামিলনাড়ুর আইনজীবী সুদর্শন এম জে-র সঙ্গে। তবে এই বিয়ের মূল আকর্ষণ ছিল অতিথি তালিকা। একই ছাদের তলায় উপস্থিত ছিলেন বলিউডের দুই সুপারস্টার, শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খান (Salman Khan), পাশাপাশি উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
শাহরুখ খানের উপস্থিতি ঘিরে আলাদা উত্তেজনা তৈরি হয় অনুষ্ঠানে। নবদম্পতিকে শুভেচ্ছা জানানো থেকে শুরু করে অতিথিদের সঙ্গে মেলামেশা—সবেতেই নজর কাড়েন তিনি। অন্যদিকে, পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন সলমন খান। এক ফ্রেমে দুই তারকাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিতরা।
এই বিয়েতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রযোজক ভূষণ কুমার (Bhushan Kumar), যোগগুরু বাবা রামদেব (Baba Ramdev) এবং ধর্মগুরু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী (Dhirendra Krishna Shastri)। ফলে অনুষ্ঠানটি যেন এক অনন্য মেলবন্ধনের সাক্ষী হয়ে ওঠে।
এই জাঁকজমকপূর্ণ আবহের মধ্যেই উঠে এসেছে দুই সুপারস্টারের নতুন কাজ প্রসঙ্গও। শাহরুখকে শিগগিরই দেখা যাবে ‘কিং’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে থাকছেন সুহানা খান (Suhana Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। অন্যদিকে সলমন খান (Salman Khan) অভিনীত ‘মাতৃভূমি’ ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লখিয়া (Apoorva Lakhia), যেখানে তাঁর সহ-অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং (Chitrangda Singh)।
সব মিলিয়ে, এক বিয়ের আসরেই ধরা পড়ল তারকাখচিত উপস্থিতি, আড়ম্বর এবং আলোচনার ঝড়—যা এখনো নেটদুনিয়ায় সমানভাবে আলোচিত।