আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ The Ba**ds of Bollywood* নিয়ে উত্তেজনায় বলিউড। করণ, মালাইকা, অনন্যা– কে কী বললেন জানুন বিস্তারিত।

আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ
শেষ আপডেট: 21 August 2025 14:01
দ্য ওয়াল ব্যুরো: বুধবার মুম্বইয়ের ঝলমলে সন্ধ্যায় এক নতুন অধ্যায়ের সূচনা করলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। প্রকাশ করলেন তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'The Ba***ds of Bollywood'-এর প্রথম ঝলক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা, সুপারস্টার বাবা শাহরুখ খান, মা গৌরী খান এবং বোন সুহানা খান। ঝলক প্রকাশের পর থেকেই বলিউডের অর্ধেক ইন্ডাস্ট্রি যেন শুভেচ্ছার স্রোতে ভাসিয়ে দিলেন আরিয়ানকে।
সুহানা ইনস্টাগ্রামে ভাইয়ের জন্য লিখলেন, “Hard hard & all heart!! The Ba***ds of Bollywood out 18th September!!! You are not ready.”
সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, “আরিয়ান আমার ভাই, একজন জিনিয়াস।” সঙ্গে জুড়লেন একটি হার্ট ইমোজি।
অভিনেত্রী অনন্যা পান্ডে ঝলকটি শেয়ার করে লিখলেন, “প্রিভিউ যদি এত মজার হয়, তাহলে আসলটা কতটা মজাদার হবে তুমি ভাবতেই পারছ! শুভেচ্ছা পরিচালক আরিয়ান।” তিনি আরও লিখলেন, “সেরা গৌরী খান, শাহরুখ খান, আর এই কাস্ট!! অসাধারণ।” অনন্যা তাঁর পোস্টে ট্যাগ করেছেন লক্ষ, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়ালদের।
নভ্যা নভেলি নন্দাও ইনস্টাগ্রামে ঝলক শেয়ার করে লিখলেন, “লেটস গো!”
পরিচালক করণ জোহর, যাকে সিরিজে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে, লিখলেন, “বিনোদন আর ধামাকেদার বিনোদন বলতে তুমি যা বোঝো, তার সব কিছু এতে আছে। @আরিয়ান এখন তোমার জ্বলজ্বল করার সময়। সিনেমার দুনিয়ায় স্বাগত! এটা দেখেই মনে হচ্ছে ব্লকবাস্টার মেটিরিয়াল। আমি জানি তুমি এতগুলো বছর ধরে কী কঠোর পরিশ্রম করেছ… আমি তোমাকে ভালবাসি… @লক্ষ, পুরোপুরি হিরো মেটিরিয়াল। নেটফ্লিক্সের The Ba***ds of Bollywood-এর পুরো টিমের জন্য শুভেচ্ছা।
মালাইকা আরোরা ঝলকটি একাধিক হার্ট ইমোজি দিয়ে রিপোস্ট করেছেন।
'The Ba***ds of Bollywood' মূলত বলিউডের অতিরঞ্জিত জগতের ব্যঙ্গাত্মক প্রতিচ্ছবি। বড়সড় অ্যাকশন সিকোয়েন্স থেকে বাড়তি রোমান্স, সবই মজার ছলে দেখানো হবে এই সিরিজে।
প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সাহের বাম্বা এবং লক্ষ। তাঁদের সঙ্গে রয়েছেন ববি দেওল, মনোজ পাওয়া, মোনা সিং, মণীশ চৌধুরী, রাঘব জুয়াল, গৌতমী কাপুর। বিশেষ চমক হিসেবে থাকবেন সলমন খান ও রণবীর সিং-এর ক্যামিও।
সিরিজটি প্রযোজনা করেছেন গৌরী খান। সহ-লিখেছেন বিলাল সিদ্দিকি ও মানব চৌহান। গল্প লেখা থেকে পরিচালনা, সবই সামলেছেন আরিয়ান খান নিজেই। ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে 'The Ba***ds of Bollywood'।