সর্বভারতীয় সংবাদ সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোর ৫টা নাগাদ মন্টেনেগ্রো থেকে দুবাইতে নামার কিছুক্ষণ পরেই আব্দুকে বিমানবন্দর থেকেই আটক করা হয়। যদিও স্থানীয় কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আব্দু রোজিক
শেষ আপডেট: 13 July 2025 12:18
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি রিয়্যালিটি শো ‘বিগ বস ১৬’-র (Bigg Boss 16 fame Abdu Rozik) জনপ্রিয় প্রতিযোগী আব্দু রোজিককে দুবাই বিমানবন্দরে (Dubai Airport) গ্রেফতার করা হয়েছে। এই খবর সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই উদ্বেগ বেড়েছে অনুরাগীদের মধ্যে। তবে এই খবর ভুয়ো বলে দাবি করেছে তাঁর ম্যানেজমেন্ট সংস্থা। তাদের তরফে বলা হয়েছে, গ্রেফতার নয়, আব্দুকে জিজ্ঞাসাবাদের জন্য কিছু সময়ের জন্য আটক করা হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয় তাঁকে।
আব্দুর ম্যানেজমেন্ট সংস্থা ‘এস-লাইন প্রোজেক্ট’-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'প্রথমেই জানিয়ে রাখি, আব্দু রোজিককে (Abdu Rozik) গ্রেফতার করা হয়নি। তাঁকে কেবলমাত্র আটক করা হয়েছিল। তিনি যথাযথ ব্যাখ্যা দেন এবং তারপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আজ তিনি দুবাইয়ে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন।”
বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, 'মিডিয়ায় যেসব খবর প্রকাশিত হচ্ছে, তা সত্য নয়। আবদু রোজিকের ভাবমূর্তি রক্ষার স্বার্থে আমরা সবরকম আইনি ব্যবস্থা নেব।'
সর্বভারতীয় সংবাদ সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোর ৫টা নাগাদ মন্টেনেগ্রো থেকে দুবাইতে নামার কিছুক্ষণ পরেই আব্দুকে বিমানবন্দর থেকেই আটক করা হয়। যদিও স্থানীয় কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
আব্দুর ম্যানেজমেন্ট টিমের এক প্রতিনিধি জানিয়েছেন, 'আমরা শুধু এটুকুই নিশ্চিত করতে পারি, তাঁকে চুরির অভিযোগে আটক করা হয়েছিল। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা যাবে না।'
তাজিকিস্তানের বাসিন্দা আব্দু রোজিক (Abdu Rozik) একজন গায়ক এবং সোশ্যাল মিডিয়া তারকা হিসেবে পরিচিত। ভারতে ‘বিগ বস ১৬’-এ অংশগ্রহণের পর তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন।
তাঁর হঠাৎ আটকের খবরে প্রশ্ন উঠলেও তাঁর টিম স্পষ্ট করেছে, আজ তিনি নির্ধারিত অনুষ্ঠানেই অংশ নেবেন এবং পরে ভারতীয় সংবাদমাধ্যমকে পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানানো হবে।
তাঁদের বক্তব্য, 'বিশ্বাস রাখুন, এই ঘটনার অনেক দিক রয়েছে যা আমরা যথাসময়ে প্রকাশ করব। মিডিয়ায় যে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে, তার বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব এবং আবদুর ভাবমূর্তি রক্ষায় সবরকম চেষ্টা করব।'