এর আগে ‘বিগ বস বাংলা’ সম্প্রচারিত হয়েছিল ২০১৩ এবং ২০১৬ সালে। যদিও তারপর দীর্ঘদিন বন্ধ ছিল এই নন-ফিকশন শো। হিন্দি ‘বিগ বস’ যেমন সলমন খানের সঞ্চালনায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, তেমনই দেশের একাধিক ভাষায় এই রিয়্যালিটি শো সফলভাবে সম্প্রচারিত হয়েছে।

শেষ আপডেট: 5 February 2026 12:54
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবার ফিরছে ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)। আগামী নভেম্বর ২০২৬-এ স্টার জলসার (Star Jalsa) পর্দায় শুরু হতে চলেছে এই জনপ্রিয় রিয়্যালিটি শো-এর নতুন সিজন। এবার শো-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ভারতীয় ক্রিকেটের মহারাজ, সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে।
এর আগে ‘বিগ বস বাংলা’ সম্প্রচারিত হয়েছিল ২০১৩ এবং ২০১৬ সালে। যদিও তারপর দীর্ঘদিন বন্ধ ছিল এই নন-ফিকশন শো। হিন্দি ‘বিগ বস’ যেমন সলমন খানের সঞ্চালনায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, তেমনই দেশের একাধিক ভাষায় এই রিয়্যালিটি শো সফলভাবে সম্প্রচারিত হয়েছে। কন্নড়, তামিল, তেলুগু, মারাঠি ও মালয়ালম ভাষায় ‘বিগ বস’ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে।
সম্প্রতি মালয়ালম সংস্করণের সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে অভিনেতা মোহনলালকে। অন্যদিকে, বর্তমানে ‘বিগ বস মারাঠি’-র সঞ্চালনায় রয়েছেন রীতেশ দেশমুখ। সেই তালিকায় এবার নতুন সংযোজন ‘বিগ বস বাংলা’, যার হাল ধরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এই খবর ইন্ডাস্ট্রিতে নতুন নয়। যদিও খবর ছিল শীঘ্রই এই সফর শুরু হতে চলেছে। তবে অপেক্ষা বেশ খানিকটা বাড়ল এবার।
সূত্রের খবর, নতুন সিজনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রতিযোগী বাছাইয়ের কাজ চলছে জোরকদমে। কারা কারা থাকছেন এই সিজনে, তা নিয়ে এখনও রহস্য বজায় থাকলেও, লঞ্চের কাছাকাছি সময়ে একের পর এক চমক আসবে বলেই আশা করা যায়।
সৌরভের সঞ্চালনা বাংলার বুকে নতুন নয়। তাঁর দাদাগিরি-তে বুঁদ বাংলার দর্শক। এবার বিগ বস-এর ফ্লোরে তাঁর দাপট দেখার অপেক্ষায় পলক গুনছেন সকলে। সব মিলিয়ে, ক্রিকেটের ময়দান থেকে রিয়্যালিটি শো-এর ঘরে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ‘বিগ বস বাংলা’ যে নতুন মাত্রা পেতে চলেছে, তা বলাই বাহুল্য।