অভিনেত্রী ভুমি পেডনেকর জানালেন, দীর্ঘদিন ধরে একজিমার যন্ত্রণায় ভুগছেন তিনি। ত্বকে ফুসকুড়ি, জ্বালা ও চুলকানি— জানুন এই রোগের লক্ষণ।

ভূমি পেডনেকার
শেষ আপডেট: 4 October 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার দীর্ঘদিন ধরে ত্বকের সমস্যায় ভুগছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে 'দম লাগা কে হাইশা' অভিনেত্রী তাঁর দীর্ঘদিনের একজিমা (Eczema) সমস্যা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, ছোটবেলা থেকেই এই সমস্যায় ভুগলেও, মাত্র তিন বছর আগে রোগটি সঠিকভাবে ধরা পড়ে।
একটি ভিডিওতে মেকআপ করার সময় ভূমি তাঁর ত্বকে একজিমার বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি এর কারণ হিসেবে দায়ী করেছেন জীবনযাত্রার কিছু বিষয়কে:
"তাই যখনই আমি বেশি ঘোরাঘুরি করি, অথবা আমার খাবার দাবার ঠিক থাকে না, বা আমি চাপের মধ্যে থাকি, যা সমস্ত সমস্যার মূল কারণ—তখনই আমার একজিমা বেড়ে যায়। এটা খুবই হতাশাজনক, কারণ এটা বেদনাদায়ক এবং খুব অস্বস্তিকর।"
শীঘ্রই এই রোগ নিয়ে তিনি আরও বিস্তারিত বলবেন বলেও ভক্তদের আশ্বাস দেন। ক্লিভল্যান্ড ক্লিনিক অনুসারে, একজিমা, যা অ্যাটোপিক ডার্মাটাইটিস নামেও পরিচিত, এটি একটি সাধারণ ত্বকের রোগ। এর ফলে ত্বক শুষ্ক ও চুলকানিযুক্ত হয়ে ওঠে। এটি একটি সাধারণ সমস্যা হলেও সংক্রামক নয়।

ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) জানিয়েছে, বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় কারণেই একজিমার সমস্যা বাড়তে পারে।
রাসায়নিক, সুগন্ধি পণ্য, সিগারেটের ধোঁয়া, নির্দিষ্ট কাপড়, অ্যালার্জেন এবং আবহাওয়ার পরিবর্তনে এই সমস্যা আরও বাড়তে পারে। অতিরিক্ত ঘাম, মানসিক চাপ, খাদ্যে অ্যালার্জি, নির্দিষ্ট শ্বাসযন্ত্রের সংক্রমণ।
একজিমার সাধারণ লক্ষণগুলি কী কী?
হেলথলাইন অনুসারে, একজিমার সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হল চুলকানি, শুষ্ক, রুক্ষ, ফ্লেকি, ফোলা এবং জ্বালাযুক্ত ত্বক। এছাড়া লাল বা বাদামী রঙের প্যাচ, ছোট ছোট ফুসকুড়ি, ত্বকে জ্বালা অনুভূত হওয়া এই রোগের লক্ষণ।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এমন কোনও লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যাতে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়।